১০ দিনের মধ্যে অভিযোগপত্র: ডিএমপি কমিশনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া। ফাইল ছবি
মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া। ফাইল ছবি

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, গুলশানে হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। আগামী ১০ দিনের মধ্যে আদালতে এই মামলার অভিযোগপত্র দাখিল করা হবে।

ডিএমপির সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএমপি কমিশনার এ কথা জানান। তিনি বলেন, হোলি আর্টিজানে জঙ্গি হামলা ছিল দেশকে অকার্যকর করার ষড়যন্ত্র। এই হামলার মাধ্যমে সরকারের পতন ঘটাতে চেয়েছিল জঙ্গিরা।

আছাদুজ্জামান মিয়া বলেন, এ নৃশংস হামলার মামলা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। হামলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা গ্রহণের চেষ্টা চলছে। এ মামলা তদন্তকালে বিভিন্ন সংস্থার সহযোগিতা, টেকনোলজি, বিশেষজ্ঞের মতামত, আলামত সংগ্রহ, সাক্ষ্য গ্রহণ করে অপরাধীদের চিহ্নিত করা একটি জটিল প্রক্রিয়া ছিল। কাউন্টার টেররিজম ইউনিট এ হামলার পরিকল্পনাকারী (যেমন: বাস্তবায়নের জন্য অস্ত্র সংগ্রহের জন্য যারা জড়িত, অস্ত্রের উৎস, অর্থের জোগানদাতা, আশ্রয়দাতা, কো-অর্ডিনেটর) সবাইকে শনাক্ত করে সাজা নিশ্চিত করতে সংশ্লিষ্ট আলামত সংগ্রহ করেছে। মামলা তদন্তকাজ শেষ পর্যায়ে। নিরীহ লোক যাতে হয়রানি না হয়, সেদিকে লক্ষ রাখা হয়েছে। আগামী সাত থেকে দশ দিনের মধ্যে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।

২০১৬ সালের ১ জুলাই রাতে পাঁচজন জঙ্গি গুলশান-২-এর ৭৯ নম্বর সড়কে হোলি আর্টিজান বেকারিতে হামলা চালায়। এ হামলায় নিহত হন দেশি-বিদেশি ২০ নাগরিক। জঙ্গিদের হামলায় নিহত হন পুলিশের দুজন কর্মকর্তা। পরদিন সকালে সেনা নেতৃত্বে অভিযানের মধ্য দিয়ে জঙ্গিদের ১২ ঘণ্টার জিম্মি সংকটের অবসান হয়। ওই অভিযানে পাঁচ জঙ্গিসহ ছয়জন নিহত হন।