১০ দিনের মধ্যে কাজ শেষ করার নির্দেশ মন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের বেঁধে দেওয়া সময়ের এক মাস পেরিয়ে গেলেও সুনামগঞ্জের দিরাইয়ে ১০টি হাওর রক্ষা বাঁধের সংস্কারকাজ শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। গতকাল শনিবার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) এক পর্যালোচনা সভায় তিনি এ ক্ষোভ প্রকাশ করেন। বেলা একটায় দিরাই উপজেলা পরিষদ মিলনায়তনে দিরাই-শাল্লা উপজেলায় পাউবোর অধীনে বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর অগ্রগতির পর্যালোচনা সভায় সুরঞ্জিত বলেন, ‘১০ এপ্রিলের মধ্যে বাঁধের কাজ শত ভাগ সম্পন্ন না হলে বরাদ্দের দিগুণ পরিমাণ অর্থ আপনাদের ফেরত দিতে হবে।’ বাঁধের কারণে হাওরের ফসল ডুবলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করে দেন মন্ত্রী। দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহামঞ্চদ সামছুল হকের সভাপতিত্বে পর্যালোচনা সভায় বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা পাউবোর নির্বাহী প্রকৌশলী আবদুল হাই, উপবিভাগীয় প্রকৌশলী মুসলেহ উদ্দিন, দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলতাব উদ্দিন, শাল্লা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহিম চন্দ্র দাস, দিরাই পৌরসভার মেয়র আজিজুর রহমান প্রমুখ। সভায় পাউবোর উপসহকারী প্রকৌশলী (এসও) খলিলুর রহমান, সাজ্জাদ হোসেন, শহীদুল্লা, নিজাম উদ্দিনসহ দুই উপজেলার ১৩টি ইউনিয়নের চেয়ারম্যান ও প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। জেলা পাউবোর নির্বাহী প্রকৌশলী আবদুল হাই সভায় জানান, ‘দিরাই শাল্লায় প্রায় সাত কোটি টাকা ব্যয়ে আমরা ৫৮ কিলোমিটার বাঁধ সংস্কারের কাজ করছি। হাওরের ধান কাটা শেষ না হওয়া পর্যন্ত আমরা কোনো পিআইসিকে চূড়ান্ত বিল দেব না।’