১০ দিনের মধ্যে পাওয়া যাবে আগাম আলু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে আগামী ১০ দিনের মধ্যে পাওয়া যাবে আগাম জাতের নতুন আলু। অধিক লাভের আশায় এখন আগাম জাতের আলুখেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন স্থানীয় চাষিরা।
গত মঙ্গলবার জেলার জলঢাকা উপজেলা, কিশোরগঞ্জ উপজেলাসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কোথাও চলছে ধান কাটা, মাড়াই ও শুকানোর কাজ। একই সঙ্গে কোথাও দল বেঁধে চলছে আলুখেতের পরিচর্যা।
জলঢাকার আরাজী কাঠালী গ্রামে দেখা যায়, মাঠের পর মাঠজুড়ে করা হয়েছে আগাম আলু চাষ। ওই সব খেতের পরিচর্যা করছেন নারী-পুরুষ শ্রমিকেরা। এ সময় কথা হয় আলুচাষি বুলবুল আহম্মেদের সঙ্গে। তিনি বলেন, এবার সাত বিঘা জমিতে তিনি আগাম আলু চাষ করেছেন।
গ্রামের আলুচাষি আমিনুর রহমান বলেন, প্রতি বিঘা আগাম আলু চাষে বীজ, সারসহ খরচ হয় ১৮ থেকে ২০ হাজার টাকা। দাম ভালো পেলে প্রতি বিঘায় ৪০ থেকে ৪৫ হাজার টাকার আলু বিক্রি হবে।
কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর গ্রামের কৃষক আবদুল খালেক বলেন, তিনি প্রায় ২০ বছর ধরে আগাম জাতের আলু চাষ করছেন। এক বিঘা জমিতে আলু চাষে ২০ হাজার টাকা খরচ হয়। আর দাম পাওয়া গেলে ওই আলু ৩৫ থেকে ৪০ হাজার টাকায় বিক্রি করা যায়।
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা মোহসিন রেজা বলেন, ১০ দিনের মধ্যে জেলার হাট-বাজারে আগাম জাতের নতুন আলু পাওয়া যাবে। জেলায় এখনো আলুর লক্ষ্যমাত্রা পাওয়া না গেলেও এখন পর্যন্ত স্থানীয় জাতের ৮৬৫ হেক্টরসহ আগাম জাতের ১৪ হাজার ২৪৫ হেক্টর জমিতে আবাদ হয়েছে। গত বছর জেলায় ২২ হাজার ৬০৫ হেক্টর জমিতে আগাম জাতের ৩ লাখ ৯৯ হাজার ৩৭২ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে।