১০ দিনের মধ্যে ভরাটের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের শিবগঞ্জের খরাদিপাড়ার সেই টিলা ১০ দিনের মধ্যে ভরাটের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। গতকাল শুক্রবার প্রথম আলোয় টিলা কাটা নিয়ে ‘টিলা কাটলে মাটি ফ্রি!’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এর সূত্র ধরে বিকেলে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এনামুল হাবীবের নেতৃত্বে জেলা প্রশাসনের একটি দল ওই এলাকা পরিদর্শন করে টিলা কাটার সত্যতা পেয়ে এ নির্দেশ দেয়।পরিদর্শন দলে আরও ছিলেন সিলেট সদর উপজেলার ইউএনও খন্দকার মনোয়ার মুর্শেদ, সহকারী ভূমি কর্মকর্তা তারেক মো. মনোয়ার ও পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিদর্শক আবদুল মান্নান। পরিদর্শনকারী দল সূত্র জানায়, ওই এলাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসী মাসুম চৌধুরীর একাধিক টিলা রয়েছে। এর মধ্যে একটি টিলার চূড়ার অংশের চার ফুট কাটতে উচ্চ আদালত থেকে সম্প্রতি নির্দেশ দেওয়া হয়। আদালতের এ নির্দেশনা বাস্তবায়ন করতে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের একটি দল গঠিত হয়। কিন্তু আদালতের নির্দেশনা দেখিয়ে আরেকটি টিলা কাটা শুরু হয়। প্রথম আলোয় প্রতিবেদন সূত্রে গতকাল বিকেলে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে পরিদর্শক দল ওই এলাকা পরিদর্শন করে দেখে আরেকটি টিলার প্রায় ৪০ থেকে ৫০ ফুট মাটি কেটে নেওয়া হয়েছে। পরিদর্শক দল আগামী ১০ দিনের মধ্যে ওই টিলার কাটা অংশ ভরাট করতে মাসুম চৌধুরীর বাড়ির তত্ত্বাবধায়ক ও টিলা কাটার ঠিকাদারি নেওয়া আবদুস শহিদকে নির্দেশ দেয়।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এনামুল মনোয়ার বলেন, ‘টিলা ভরাট পর্যবেক্ষণ করতে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে একটি পর্যবেক্ষণ কমিটি গঠন করা হয়েছে।’