১০ দিনের মধ্যে হাফিজুরের মৃত্যুর ঘটনার তদন্ত দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাফিজুর মোল্লার মৃত্যুকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ দাবি করে ১০ দিনের মধ্যে এই ঘটনার তদন্ত করতে কর্তৃপক্ষকে সময় বেঁধে দিয়েছে প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্য।
গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের সামনে সংহতি সমাবেশ থেকে এ সময় বেঁধে দেওয়া হয়। প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্য আয়োজিত সমাবেশের সভাপতি বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি আশরাফুল আলম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বেঁধে দেওয়া সময়ের মধ্যে তদন্তের ফল প্রকাশ না করলে ২৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় ঘেরাও করা হবে।
বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলের মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের ছাত্র হাফিজুর ২ ফেব্রুয়ারি মারা যান। তাঁর সহপাঠী ও পরিবারের অভিযোগ, শীতের মধ্যে বারান্দায় থাকা এবং রাতের বেলায় ছাত্রলীগের কর্মসূচিতে যাওয়ার কারণে হাফিজ ঠান্ডাজনিত অসুস্থতায় আক্রান্ত হন। এ অবস্থায় শীতের মধ্যেও হাফিজকে গত ২৬ জানুয়ারি রাতে প্রায় সাড়ে তিন ঘণ্টা বাইরে থাকতে হয়। তাঁকে প্রায়ই ছাত্রলীগের কর্মীদের সঙ্গে হলের মাঠে ‘বৈঠক (গেস্টরুম)’ করতে হতো। তবে ছাত্রলীগের পক্ষ থেকে বলা হয়েছে, হাফিজ আগে থেকেই অসুস্থ ছিলেন।
গতকাল সংহতি সমাবেশে জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম বলেন, হাফিজুর কেন নিউমোনিয়াতে আক্রান্ত হলেন, সে বিষয়ে কোনো বক্তব্য প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়নি। শীতের মধ্যে হলের বারান্দায় থাকা আর কর্মসূচিতে যাওয়ার কারণেই তাঁর নিউমোনিয়া হয় এবং অসুস্থ শরীর নিয়ে বাড়ি যাওয়ার কিছুদিন পরই হাফিজুরের মৃত্যু হয়। এর দায় প্রশাসন এড়াতে পারে না।
ছাত্র ইউনিয়নের সভাপতি লাকি আক্তার বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশকে ধীরে ধীরে গলা টিপে মেরে ফেলা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস আজ সরকারদলীয় ছাত্রসংগঠনের দখলে। তারা নিজেদের রাজনৈতিক কর্মসূচিতে হলের নিরীহ ছাত্রদের জোর করে নিয়ে আসে। কোনো ছাত্র যদি আসতে না চান, তাহলে তাঁকে হল থেকে বের করে দেওয়া হয়, নইলে তাঁর ওপর শারীরিক এবং মানসিক নির্যাতন করা হয়। যার সর্বশেষ শিকার হাফিজুর।
সমাবেশে জাতীয় গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সদস্য ফিরোজ আহমেদ, গণতান্ত্রিক গণমঞ্চের যুগ্ম আহ্বায়ক এহতেশাম উদ্দীন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি জনার্দ্দন দত্ত, ছাত্র ফ্রন্টের আরেক অংশের সভাপতি সাইফুজ্জামান, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি সালমান রহমান, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, ছাত্র গণমঞ্চের সভাপতি সাঈদ বিলাস, বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের আহ্বায়ক লতিফ অনিক প্রমুখ বক্তব্য দেন।
সমাবেশে সংহতি জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক তানজীম উদ্দিন খান ও সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক সামিনা লুৎফা।