মাহফুজা আদালতে, ১০ দিনের রিমান্ড চাইছে পুলিশ
রাজধানীর রামপুরার বনশ্রীতে দুই ভাইবোন হত্যা মামলার আসামি তাদের মা মাহফুজা মালেক জেসমিনকে আজ শুক্রবার দুপুরে আদালতে নেওয়া হয়েছে। যেকোনো সময় আদালতে তোলা হবে। দুপুর সাড়ে ১২টার কিছু পরে তাঁকে রামপুরা থানা থেকে আদালতের উদ্দেশে নিয়ে যাওয়া হয়।
এ মামলায় মাহফুজাকে জিজ্ঞাসাবাদে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করেছে বলে জানা গেছে। মাহফুজাকে দেখতে থানার আশপাশে বিপুলসংখ্যক উৎসুক জনতা ভিড় করে। লোকজন থানার ভেতরে ও বাইরে, সড়কের দুই পাশে এবং আশপাশের ভবনের ছাদে দাঁড়িয়ে মাহফুজাকে দেখার চেষ্টা করেন। দুপুরে যখন মাহফুজাকে আদালতের উদ্দেশে নেওয়া হয়, তখন থানা থেকে বের হওয়ার সড়কের দুই পাশে ভিড় করে সাধারণ মানুষ।
রামপুরা থানার পুলিশ জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার রাতে মাহফুজা থানার হাজতখানায় ছিলেন। সেখানে পুলিশ তাঁকে বিভিন্ন সময় জিজ্ঞাসাবাদ করেছে। প্রতি বারই আসামি মাহফুজা বলেছেন, বাচ্চাদের পড়াশোনা নিয়ে চিন্তিত ছিলেন। এ কারণে হত্যা করেছেন।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, মাহফুজা স্বাভাবিক আছেন। রাতে ভাত খেয়েছেন। দুপুরে ভাত খাওয়ার পর তাঁকে আদালতে পাঠানো হয়েছে। তিনি বলেন, যতবারই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, ততবারই তিনি হত্যার কারণ হিসেবে সন্তানদের লেখাপড়া নিয়ে উদ্বেগকে কারণ হিসেবে উল্লেখ করেছেন।
গত ২৯ ফেব্রুয়ারি বনশ্রীতে খুন হয় নুসরাত আমান ও আলভী আমান নামের দুই শিশু। এ ঘটনায় তাদের মাকে আসামি করে বাবা আমান উল্লাহ থানায় মামলা করেছেন। মামলাটি তদন্ত করেছেন রামপুরা থানার পুলিশের পরিদর্শক মোস্তাফিজুর রহমান।