অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, পরিবেশন এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে গতকাল বৃহস্পতিবার নগরের ১০টি দোকান থেকে এক লাখ ২৪ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।গতকাল সিটি করপোরেশন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে সকাল থেকে একটানা পাঁচ ঘণ্টা জামালখান সড়ক, মোমিন সড়ক ও আন্দরকিল্লা এলাকায় আলাদাভাবে এই অভিযান চালানো হয়।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক জোবায়ের আহমদ বলেন, অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে সিকদার হোটেল থেকে ৪০ হাজার টাকা এবং মোগল দরবার বিরিয়ানি হাউস থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পণ্যের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য লেখা না থাকা সত্ত্বেও বিক্রয় ও দোকানে সংরক্ষণ করা এবং মূল্যতালিকা না থাকায় সুপার স্টোর বিগ বাজার থেকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।এ ছাড়া আলমগীর স্টোর থেকে আট হাজার, রিয়াজ স্টোর থেকে ছয় হাজার এবং শরিফ স্টোর থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মোমিন সড়কের সিজল নামের একটি খাবারের দোকান থেকেও পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।নির্ধারিত দামের চেয়ে বেশি দাম নেওয়া এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় মেসার্স পিজন ফার্মেসি থেকে পাঁচ হাজার, পপুলার ফার্মেসি থেকে ১০ হাজার এবং জনকল্যাণ ফার্মেসি থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।এদিকে চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত অভিযানে চকবাজার মুন্সিপুকুরপাড়ে প্রায় ৫০ বছর ধরে অবৈধ দখলে থাকা একটি সড়ক জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।