১০ নভেম্বর থেকে আ. লীগের মনোনয়ন বাছাই শুরু: ওবায়দুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের মনোনয়ন বাছাইয়ের প্রক্রিয়া আগামী ১০ নভেম্বর থেকে শুরু হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের। আজ বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ‘মিডিয়া সেন্টার, ওয়েবসাইট ও ক্যান্টিন’ উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের সব নেতাকে নিয়ে সিদ্ধান্ত হয়েছে। ১০ নভেম্বর থেকে মনোনয়ন বাছাইয়ের কাজ শুরু হবে এবং আমি আশাবাদী, বিরোধী দলও অতি শিগগির নির্বাচনের প্রস্তুতি শুরু করবে।’ যোগাযোগমন্ত্রী বলেন, বিরোধীদলীয় নেতা প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলে সংকট নিরসনে আশার আলো জাগিয়েছেন। এখন বিরোধী দল আরেকটু এগিয়ে এলে পুরো সমস্যা সমাধান হয়ে যাবে। তিনি বলেন, ‘বিরোধী দল প্রধানমন্ত্রীর আমন্ত্রণে না এলেও তারা এই আমন্ত্রণকে প্রত্যাখ্যান করেনি। আমি এখনো আশাবাদী, বিরোধী দল কোনো পূর্বশর্ত ছাড়া সরকারের সঙ্গে সংলাপে অংশগ্রহণ করবে এবং আগামী নির্বাচনেও অংশ নেবে।’ এর সঙ্গে তিনি যোগ করেন, দুই নেত্রীর এত দিন কোনো আলোচনা হয়নি। এখন যে ধরনের আলোচনাই হোক তা সংকট নিরসনে আশার সঞ্চার করেছে। সংকট তৈরি না হলে কোনো সমাধান হয় না—মন্তব্য করে তিনি বলেন, বর্তমান সংকট দেখে দেশবাসীর ভয় পেলে চলবে না; বরং আশাবাদী হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সমস্যা নিরসনের দায়িত্ব প্রথমত সরকারের এবং সরকার সে দায়িত্ব যথাযথভাবে পালন করেছে। বাকিটা বিরোধী দলকে করতে হবে। সাংবাদিকতা পেশা সম্পর্কে যোগাযোগমন্ত্রী বলেন, ‘সাংবাদিকতা একটি সম্মানজনক পেশা। মন্ত্রিত্ব চলে গেলে আমি সাংবাদিকতা করব।’ এ সময় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহেদ চৌধুরী, সাধারণ সম্পাদক ইলিয়াস খান প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী ঢাকা রিপোর্টার্স ইউনিটির বার্ষিক সাধারণ সভা উপলক্ষে দুই লাখ টাকা বরাদ্দের ঘোষণা দেন।