১০ নভেম্বর থেকে ফিটনেসবিহীন যানের বিরুদ্ধে অভিযান
চলাচলের সনদবিহীন (ফিটনেসহীন) যানবাহন ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে আগামী ১০ নভেম্বর থেকে সারা দেশে বিশেষ অভিযান পরিচালনা করবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। গতকাল রোববার সংস্থাটির প্রধান কার্যালয়ে সমন্বয় সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই সিদ্ধান্ত জানান।
সভায় ওবায়দুল কাদের বলেন, বিদ্যমান মোটরযান অধ্যাদেশ ১৯৮৩-এর পরিবর্তে যুগোপযোগী সড়ক পরিবহন আইন ২০১৪ প্রণয়ন করা হচ্ছে। আইনের খসড়াটি আগামী তিন মাসের মধ্যে মন্ত্রিসভায় উপস্থাপনের জন্য পাঠানো হবে। খসড়ায় বিভিন্ন ধারায় জরিমানা ও শাস্তির পরিমাণ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে।
সভায় বিআরটিএর পক্ষ থেকে জানানো হয়, নাটোরের বড়াইগ্রামে সাম্প্রতিক দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের পর ঢাকার কল্যাণপুরে কেয়া পরিবহনের বাসডিপোতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।। সেখানে কেয়া পরিবহনের ১৫টি ফিটনেসবিহীন বাস পাওয়া যায় এবং প্রতিটির জন্য এক লাখ টাকা করে জরিমানা করা হয়। কেয়া পরিবহনের নির্বাহী কর্মকর্তাকে দুই মাসের কারাদণ্ড ও সাত হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া হানিফ পরিবহনের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের পর হতাহত ব্যক্তিদের অনেকেই মহাসড়কে পড়ে ছিল। হানিফ পরিবহনের একটি বাস তাঁদের মাড়িয়ে যায়। দুর্ঘটনার পর গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে এটি এসেছে।
সমন্বয় সভা শেষে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিআরটিএর কার্যালয়ে দালাল প্রতিরোধ কার্যক্রমের আওতায় বেশ কিছু দালাল ও প্রতারককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। দালালদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে খুলনা বিআরটিএ কার্যালয়ের একজন কর্মচারীকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।