সিলেটের গোলাপগঞ্জে জাতীয়তাবাদী ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি জসিম আহমদ (৩২) নিহত হওয়ার ঘটনায় স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের ১০ নেতা-কর্মীর বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। গতকাল শুক্রবার জসিমের মা রাবেয়া বেগম বাদী হয়ে গোলাপগঞ্জ থানায় এ মামলা করেন। গতকালই মামলা নথিভুক্ত করে তদন্ত কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে। বিএনপির ‘নিখোঁজ’ নেতা এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে গোলাপগঞ্জের রানাপিং বাজারের খলাগ্রামে জাতীয়তাবাদী যুবদল উপজেলা কমিটি একটি সমাবেশ আহ্বান করে। ছাত্রদলের এক পক্ষ সমাবেশের পক্ষে অবস্থান নেয়। অন্য পক্ষ একই স্থানে পাল্টা সমাবেশ ডাকে। গত বৃহস্পতিবার সমাবেশে যাওয়ার সময় ছাত্রদলের দুই পক্ষে সংঘর্ষ হয়। এতে জসিম নিহত হন এবং আরও নয়জন নেতা-কর্মী আহত হন। নিহত জসিমের বাড়ি গোলাপগঞ্জের ফুলবাড়ী এলাকায়। পুুলিশ সূত্র জানায়, মামলায় ১০ জনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা আরও পাঁচজনকে আসামি করা হয়েছে। আসামিরা হচ্ছেন: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পৌর কমিটির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন ওরফে দিলু, উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সালাউদ্দিন আহমদ, গোলাপগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহী উল আলম চৌধুরী, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হাসান আহমদ, যুবদল ও ছাত্রদলের কর্মী রিপন আহমদ চৌধুরী, জাহেদ আহমদ, সুমন আহমদ, শাহেদ আহমদ, আমিরুল ইসলাম ও রিমন আহমদ। তবে গতকাল পর্যন্ত কোনো আসামিকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা গোলাপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিন জানান, মামলা নথিভুক্ত করার পরপরই পুলিশ আসামিদের গ্রেপ্তারে তৎপরতা শুরু করেছে। এদিকে জসিম নিহত হওয়ার খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ফুলবাড়ীসহ আশপাশ এলাকার মানুষজন সিলেট-গোলাপগঞ্জ-জকিগঞ্জ সড়ক অবরোধ করে রাখে। রাত সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও পুলিশের পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে হত্যাকারীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে জসিমের মরদেহের ময়নাতদন্ত হয়েছে। গতকাল দুপুরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বিকেলে ফুলবাড়ী মোকাম মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে এলাকার কবরস্থানে মরদেহ দাফন সম্পন্ন হয়। দাফন শেষে জসিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করার দাবিতে এলাকাবাসী একটি মৌন মিছিল বের করে।