১০ পরিবারের কষ্টগাথা
নিহত নূর ইসলাম (৩৩) ছিলেন মা-বাবার একমাত্র সন্তান। দিনমজুর পরিবার। মৃত্যুর সময় রেখে গেছেন মা-বাবা, স্ত্রী ও তিন মেয়ে। বড় দুই মেয়ে প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। স্ত্রী মেরি বেগম (২৭) ছিলেন তিন মাসের অন্তঃসত্ত্বা। গত নভেম্বরে তাঁর কোলজুড়ে আসে একটি ছেলে। নাম রেখেছেন নূরনবী।নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামে নিহত নূর ইসলামের বাড়িতে গিয়ে দেখা গেছে, জরাজীর্ণ পাটখড়ির একটি ঘর। বারান্দায় শীর্ণকায় মেরি শুয়ে আছেন। তাঁর গাঁয়ে জ্বর। মাঝেমধ্যে ছেলেটি মায়ের বুকের ওপর আছড়ে পড়ছে। কিন্তু উঠে দাঁড়াবার শক্তিটুকুও যেন হারিয়েছেন মেরি। কথা বলতে গেলে তিনি অশ্রুসিক্ত চোখে নির্বাক থাকেন। শাশুড়ি রহিমা বেগমের চোখেও পানি। তিনি বলেন, ‘একটা মাত্র সন্তান আমার, তাও চোখের সামনে চলে গেল। তার পর থেকে বউটা আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ছে। বউটাকেই মনে হয় বাঁচানো যাবে না।’বিএনপির খুলনা বিভাগীয় মহাসমাবেশে যোগ দেওয়ার পথে গত বছরের ১৮ এপ্রিল নূর ইসলামকে বহনকারী বাসটির সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ওই বাসের ১১ জন যাত্রী নিহত হন। নিহত ব্যক্তিদের ১০ জন নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়ন বিএনপির নেতা-কর্মী। ওই মহাসমাবেশে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া প্রধান অতিথি ছিলেন। পরদিন কাশিপুর মাদ্রাসা মাঠে তাঁদের জানাজায় দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এ দুর্ঘটনার জন্য পরদিন ১৯ এপ্রিল দেশব্যাপী বিএনপি শোকদিবস পালন করে।নিহত অন্যরা ছিলেন রামেশ্বরপুর গ্রামের আশরাফ আলী (৩০), ধোপাদহ গ্রামের মফিজুর রহমান (৪২) ও তুরান আলী (৩২), গন্ডব গ্রামের জি এম জসিমউদ্দিন (২২), সৈয়দ নাজির আলী (৩৫) ও এনামুল (২৫), বসুপটি গ্রামের অবুঝ শেখ (২৩) ও সাহেব আলী (৩৫) এবং পদ্মবিলা গ্রামের ফয়েজ শেখ (৩০)। তাঁদের মধ্যে মফিজুর রহমান ও সৈয়দ নাজির আলী যথাক্রমে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এবং অন্যরা বিএনপির কর্মী ছিলেন। নিহত বাসচালক কামরুল ইসলামের (৩৫) বাড়ি বাঘারপাড়া উপজেলার জামদিয়া গ্রামে। আহত বাসযাত্রী জাহিদুর রহমান জানান, চালক বাসটি বেপরোয়াভাবে চালানোয় দুর্ঘটনাটি ঘটেছিল। রামেশ্বরপুর গ্রামের নিহত আশরাফ আলীও বাবা-মায়ের একমাত্র সন্তান ছিলেন। বাবা আজিবর চৌধুরী এবং মা শাহিদা বেগম দিনমজুর। আশরাফের স্ত্রী রেকসোনা বেগম (২১) ও একমাত্র কন্যা ফারজানাকে (৫) নিয়ে তাঁদের সংসার। ফারজানা বলে, ‘বাবার জন্যি পরান পুড়লি কবর দেখতি যাই।’ ফারজানাকে বুকে জড়িয়ে ধরে রেকসোনা বলেন, ‘জীবন যে কত কষ্টের তা এখন বুঝছি।’ শাহিদা বেগম বলেন, ‘নিজেরা অন্যের বাড়িতে কাজ করি। কিন্তু বউটারে পরের বাড়ি কাজ করতে দেই না।’ নিহত অন্যদের বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে জানা গেছে, ওই দিনের ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে ফয়েজ শেখ ও অবুঝ শেখ ছাড়া অন্য সবাই বিবাহিত ছিলেন। স্ত্রী ও ছোট ছোট ছেলেমেয়ে রয়েছে তাঁদের। প্রতিটি পরিবারই হতদরিদ্র। সে সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম ৫৫ হাজার টাকা, স্থানীয় সাবেক সাংসদ মুফতি শহীদুল ইসলাম ১০ হাজার ও নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম পাঁচ হাজার টাকা করে প্রত্যেক পরিবারকে দিয়েছিলেন। পরিবারের সদস্যরা জানান, এসব টাকা আগের ধার-দেনা শোধ করতেই শেষ হয়ে গেছে।