১০ পর্যবেক্ষক সংস্থায় আপত্তি আ.লীগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ পর্যবেক্ষক সংস্থাকে নির্বাচন পর্যবেক্ষণের অনুমোদন না দিতে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে আওয়ামী লীগ। দলটির দাবি, ওই সংস্থাগুলো রাজনৈতিকভাবে সম্পৃক্ত।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি গতকাল বুধবার দলটির কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক সেকেন্দার নির্বাচন কমিশনে পৌঁছে দিয়েছেন।

জানতে চাইলে ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘এ সংক্রান্ত একটি চিঠি আওয়ামী লীগের পক্ষ থেকে দেওয়া হয়েছে।’

আওয়ামী লীগের আপত্তি জানানো সংস্থাগুলো হলো—অধিকার, মানবিক সাহায্য সংস্থা, মানবাধিকার সমন্বয় পরিষদ, ডেমোক্রেসি ওয়াচ, খান ফাউন্ডেশন, মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থা, লাইট হাউস, রাইট যশোর, জাগরণী চক্র ফাউন্ডেশন ও ন্যাশনাল ইয়ুথ ফোরাম।

এ ব্যাপারে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘আমরা যে ১০টি সংস্থার বিষয়ে আপত্তি জানিয়েছে, সেগুলোর রাজনৈতিক সম্পৃক্ততা আছে। এ জন্য আপত্তি জানানো হয়েছে।’

আগামী ৩০ ডিসেম্বর পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।