১০ ফার্মেসিকে জরিমানা
সরকারি ও চিকিৎসককে দেওয়া নমুনা ওষুধ এবং অনুমোদনহীন ফুড সাপ্লিমেন্ট বিক্রির দায়ে চট্টগ্রাম নগরের ১০টি ওষুধের দোকানকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল মঙ্গলবার দিনভর নগরের বাকলিয়া, চান্দগাঁও, জামালখান ও এয়াকুবনগর এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন অভিযানে নেতৃত্ব দেন।
জেলা প্রশাসন ও ওষুধ প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানের সময় চট্টগ্রামের ওষুধ তত্ত্বাবধায়ক মুহসীনিন মাহবুব উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন জানান, এয়াকুবনগর এলাকার তিনটি ফার্মেসি থেকে সরকারি ওষুধ জব্দ করা হয়। সরকারি ওষুধ বিক্রির দায়ে এসজিএস ফার্মেসিকে ১ লাখ টাকা ও মা ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকার জয় ফার্মেসির লোকজন অভিযান দেখে দোকান বন্ধ করে পালিয়ে যান। পরে তালা ভেঙে ওই দোকান থেকে সরকারি ওষুধ জব্দ করা হয়। পরে ফার্মেসির তালা বন্ধ করে চাবি বাড়ির মালিককে বুঝিয়ে দেওয়া হয়।
সূত্র জানায়, বিভিন্ন অভিযোগে জামালখান এলাকার ড্রাগ হাউসকে ১০ হাজার, মণীষা ফার্মেসিকে ৫ হাজার, জনসেবা ফার্মেসিকে ৫ হাজার, খাজা রোডের আহম্মদ অ্যান্ড সন্সকে ১০ হাজার, জয়নব মেডিকেল হলকে ৫ হাজার, রহমানিয়া মেডিকেল হলকে ৫ হাজার, পপুলার ফার্মেসিকে ৫ হাজার, বাকলিয়া নতুন ব্রিজ এলাকার কাজি মেডিকেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ওষুধ তত্ত্বাবধায়ক মুহসীনিন মাহবুব বলেন, অভিযানে ৭৫ হাজার টাকা মূল্যের প্রায় ১০ কার্টন ওষুধ জব্দ করা হয়।