
আট ফুট বাই দশ ফুট বেড়ার ঘর। পলিথিনের ছাউনি। এটুকু ঘরে গাদাগাদি করে থাকছে ৩৪ জন রোহিঙ্গা। তাদের মধ্যে ৭ জন নারী, ১৭টি শিশু। গ্রেপ্তার-আতঙ্কে বন্দিজীবন কাটছে সবার।
প্রচণ্ড শীতে গায়ে দেওয়ার মতো গরম কাপড়চোপড় নেই। নেই খাবারের ব্যবস্থা। অসুস্থ তিন শিশুর কান্না যেন থামছে না। কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং অস্থায়ী (অনিবন্ধিত) রোহিঙ্গা ক্যাম্পে ‘এ’ ব্লকের ১ নম্বর শেডে গতকাল শুক্রবার এ দৃশ্য চোখে পড়ে।
রাখাইন রাজ্য থেকে নাফ নদী অতিক্রম করে বাংলাদেশের টেকনাফ ও উখিয়া উপজেলায় অনুপ্রবেশকারী প্রায় আট হাজার রোহিঙ্গা এখন ঝুপড়িঘরেই বন্দিজীবন কাটাচ্ছে।
৩৪ রোহিঙ্গা যে কক্ষে থাকছে, তার মালিক কেরামত উল্লাহও রোহিঙ্গা। তিনি এখানে বসত করে থাকছেন তিন বছর ধরে।
কেরামত উল্লাহ (৫২) বলেন, তিন বছর আগে আরাকান রাজ্যের (বর্তমানে রাখাইন রাজ্য) মংডু থেকে তিনি উখিয়ায় অনুপ্রবেশ করে এই ক্যাম্পে আশ্রয় নেন। সঙ্গে স্ত্রী ও পাঁচ ছেলেমেয়ে। দুই কক্ষের ওই শেডঘরের একটি কক্ষ তিন দিন ধরে সদ্য অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের থাকতে দিয়েছেন।
দুই মেয়ে ও ছয় ছেলে নিয়ে ওই কক্ষে থাকছেন রাখাইন রাজ্যের খোয়াখালী গ্রামের নছিমা খাতুন (৪৮)। কক্ষের এক কোণে মাটিতে বসে তিনি শিশুসন্তানদের কলা খাওয়াচ্ছিলেন।
ছোট্ট কক্ষে গাদাগাদি করে থাকার কারণ জানতে চাইলে নছিমা খাতুন বলেন, এ ছাড়া তাঁদের কোনো উপায় নেই। একই সম্প্রদায়ের হওয়ার কারণে এখানে আগে থেকে অবস্থান করা রোহিঙ্গারা তাঁদের থাকতে দিয়েছেন। এখন কেউ যদি থাকা-খাওয়ার ব্যবস্থা করে না দেয়, সবাইকে মরতে হবে।
নছিমা ছেলেমেয়েদের নিয়ে নৌকায় করে টেকনাফের উনচিপ্রাং এলাকায় আসেন গত মঙ্গলবার ভোরে। এরপর দালালেরা অটোরিকশায় তুলে তাঁদের এই ক্যাম্পে পৌঁছে দেয়। হাতে নগদ অর্থ যা ছিল, সবই দালালেরা নিয়ে গেছে। এখন প্রচণ্ড শীতে কাতর সন্তানদের গরম জামাও কিনে দিতে পারছেন না।
স্বামী কোথায় জানতে চাইলে নছিমা হাউমাউ করে কেঁদে ওঠেন। বলেন, ‘মগরা’ তাঁর স্বামী আবদুল আমিনকে গুলি করে হত্যা করেছে।
একই কক্ষে দুই ছেলেমেয়ে হুমাইরা (৩) ও রমিজকে (১) নিয়ে আছেন রোহিঙ্গা গৃহবধূ আছিয়া বেগম (১৮)। জ্বরে কাতর রমিজের কান্নায় বাতাস ভারী। মা কিছুতেই কান্না থামাতে পারছেন না। আছিয়ার বাড়ি রাখাইন রাজ্যের গদুছড়ায়।
আছিয়া বেগম বলেন, ১৮ নভেম্বর রাতে ‘মগসেনারা’ তাঁদের ঘরে আগুন ধরিয়ে দেয়। দুই ছেলেমেয়েকে নিয়ে তিনি বেরোতে পারলেও স্বামী জিয়াউর রহমানের রক্ষা হয়নি। আগুনে পুড়ে তাঁর মৃত্যু হয়েছে। এক পুলিশ তাঁকে শ্লীলতাহানির চেষ্টা করে। এরপর তিনি সন্তানদের নিয়ে উখিয়ায় পালিয়ে আসেন।
দেখা গেছে, এ ক্যাম্পের প্রায় প্রতিটি ঘরে একটি বা দুটি করে সদ্য অনুপ্রবেশকারী রোহিঙ্গা পরিবার থাকছে। যতটুকু খাবার জুটছে, সবাই ভাগাভাগি করে খাচ্ছে। কিন্তু এভাবে কত দিন? এই ক্যাম্পে বসবাসকারী কোনো রোহিঙ্গাই সরকারি বা বেসরকারিভাবে সাহায্য-সহযোগিতা পান না। ক্যাম্পের বাইরে দিনমজুরি, উপকূলে চিংড়িপোনা আহরণ করে জীবিকা নির্বাহ করেন।
কুতুপালং অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের সভাপতি আবদুল হাফেজ বলেন, আগে এই ক্যাম্পে রোহিঙ্গা ছিল প্রায় ৫৭ হাজার। গত কয়েক দিনে এখানে আশ্রয় নিয়েছে আরও সাত হাজারের মতো রোহিঙ্গা। তারা অন্যান্য রোহিঙ্গা পরিবারের সঙ্গে গাদাগাদি করে থাকছে। নতুন করে ঘরবাড়ি তৈরির সামর্থ্যও তাদের নেই।
একই দৃশ্য টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পেও। সেখানে আশ্রয় নিয়েছে প্রায় আড়াই হাজার রোহিঙ্গা। গতকাল শুক্রবার দুপুরে ওই ক্যাম্পে গিয়ে দেখা গেছে, বন বিভাগের একটি বাগানের শতাধিক গাছ কেটে অস্থায়ী ঘর তৈরি করা হচ্ছে।
এই ক্যাম্পের রোহিঙ্গা নেতা দুদু মিয়া বলেন, নতুন করে আসা কয়েক হাজার রোহিঙ্গার থাকতে কষ্ট হচ্ছে। তাই এই ঘর তৈরি হচ্ছে।
নাফ নদীতে ভাসছে রোহিঙ্গা
গত বুধবার থেকে সীমান্তে কড়াকড়ির কারণে রোহিঙ্গারা টেকনাফ ও উখিয়ায় আসতে পারছে না। পুরো সীমান্তজুড়ে বিজিবি, কোস্টগার্ড ও পুলিশের পাহারা। নাফ নদীর মিয়ানমার সীমান্তে নৌকায় ভাসছে অনেক লোক।
বিজিবি ও পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে (শুক্রবার) দুটি নৌকা নিয়ে টেকনাফে অনুপ্রবেশের সময় বিজিবির সদস্যরা ৩৮ রোহিঙ্গাকে আটক করেন। পরে তাদের পুনরায় ফেরত পাঠানো হয়। একই সময় উখিয়ার গুমধুম সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় বিজিবি তিনজন রোহিঙ্গাকে আটক করে পুনরায় মিয়ানমারে ফেরত পাঠায়।
কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার বলেন, নাফ নদীর ৬৩ কিলোমিটার সীমান্তে কড়া নিরাপত্তা দিচ্ছে বিজিবি। অনুপ্রবেশের সময় রোহিঙ্গারা ধরা পড়লে ফেরত পাঠানো হচ্ছে।
বাংলাদেশ মানবাধিকার কমিশন কক্সবাজার জেলা শাখার সভাপতি আবু মোর্শেদ চৌধুরী বলেন, দুদিন ধরে রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ থাকলেও শত শত রোহিঙ্গা নাফ নদীতে ভাসছে। তারা মিয়ানমারে যেমন ফিরে যেতে পারছে না, তেমনি বাংলাদেশেও ঢুকতে পারছে না।
বিজিবির মহাপরিচালকের সীমান্ত পরিদর্শন
গতকাল সকালে স্পিডবোটে নাফ নদী ঘুরে দেখেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন।
দুপুর ১২টার দিকে টেকনাফ স্থলবন্দরের বাংলোতে বসে তিনি স্থানীয় সাংবাদিকদের সীমান্ত পরিস্থিতি তুলে ধরেন।
বিজিবির মহাপরিচালক বলেন, কিছু কিছু পয়েন্ট দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা ঘটছে। তবে এ পর্যন্ত কতজন রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে, তার হিসাব বিজিবির হাতে নেই।
মহাপরিচালক বলেন, যেসব পয়েন্টে বিজিবি টহল দিতে পারছে না, সেখানে এলাকার কিছু দালাল তৎপর থাকে। তাদের সহযোগিতায় রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটছে। এখন যেসব পয়েন্ট দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটছে, সেখানেও বিজিবির টহল থাকবে। অনুপ্রবেশ ঠেকাতে স্থানীয় জনগণেরও সহযোগিতা দরকার বলে তিনি মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিজিবি চট্টগ্রাম দক্ষিণ-পূর্ব অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার ফরিদ হাসান, বিজিবি কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল এম এম আনিসুর রহমান, টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিউল আলম প্রমুখ।