১০ বছর আগে সাজা শেষ, তবু দুই ভারতীয় নাগরিকের মুক্তি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাজা শেষ হওয়ার ১০ বছর পরও ছাড়া পাননি ফেনীর কারাগারে বন্দী দুই ভারতীয় নাগরিক। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র পাওয়ার অপেক্ষায় তাঁরা দুজনসহ পাঁচ ভারতীয় নাগরিক বর্তমানে ফেনী কারাগারে মুক্তির প্রহর গুনছেন।সংশ্লিষ্ট কারা সূত্রে জানা যায়, অনুপ্রবেশের অপরাধে বাংলাদেশ কন্ট্রোল অব এন্ট্রি অ্যাক্ট, ১৯৫২ (৪) ধারায় আদালতে দুই ভারতীয় নাগরিক বরই বরক (৩০) ও তমসা বরক (৩৬) নামের দুই ব্যক্তির এক বছর করে সাজা হয়। ২০০২ সালের ১৪ নভেম্বর সাজার মেয়াদ শেষ হওয়ার পর থেকে তাঁরা মুক্তির প্রহর গুনছেন।সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষ ২০১১ সালের ২৩ অক্টোবর ওই দুজনের মুক্তির ছাড়পত্রের জন্য কারা অধিদপ্তরের মহাপরিদর্শক বরাবর লিখিতভাবে জানায়। এরই পরিপ্রেক্ষিতে ওই বছরের ৩ নভেম্বর কারা অধিদপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি জানানো হয়। সূত্র জানায়, ইতিমধ্যে বরই বরকের জন্য ভারতীয় হাইকমিশন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে তমসা বরকের দেওয়া ঠিকানা সঠিক না পাওয়ায় তাঁর ঠিকানা যাচাইয়ের জন্য কাগজপত্র আবার ফেরত পাঠানো হয়। ভারতীয় হাইকমিশনের ছাড়পত্র পাওয়া গেলেও বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র না পাওয়া পর্যন্ত তাঁরা কারাগার থেকে ছাড়া পাবেন না।২০১১ সালের ১১ মে দুজনকে চট্টগ্রাম কারাগার থেকে ফেনী জেলা কারাগারে পাঠানো হয়। বরই বরাক ভারতের ত্রিপুরা রাজ্যের কমলপুর থানার লামবুক ছরার বীরেন বরকের ছেলে এবং তমসা বরক পশ্চিম ত্রিপুরার টেকারজলা থানার জমপাইতলা গ্রামের তরণী বরাকের ছেলে।এ ছাড়া অনুপ্রবেশের অপরাধে আটক ভারতীয় নাগরিক শচীন্দ্র চন্দ্র দাসের (২৫) তিন মাসের সাজা ২০১২ সালের ১৭ ফেব্রুয়ারি, শংকর দেবনাথের (৩২) তিন মাস ১৫ দিনের সাজা ২০১৩ সালের ৭ জানুয়ারি এবং সুব্রত আচার্যের (২৬) পাঁচ মাস মেয়াদের সাজা শেষ হয় ২০১২ সালের ৭ অক্টোবর। সুব্রত আচার্যকে এ বছরের ৩ জানুয়ারি খাগড়াছড়ি কারাগার থেকে ফেনী কারাগারে পাঠানো হয়। এঁদের তিনজনের সাজার মেয়াদ শেষ হওয়ার পরই ফেনী কারা কর্তৃপক্ষ ছাড়পত্রের জন্য কারা অধিদপ্তরে চিঠি পাঠায়। ফেনী জেলা কারাগারের তত্ত্বাবধায়ক সুরাইয়া আক্তার জানান, এক বছর করে সাজার মেয়াদ শেষ হওয়ার পরও মন্ত্রণালয়ের ছাড়পত্র না পাওয়ায় তাঁদের ছাড়া যাচ্ছে না। এ বিষয়ে কারা অধিদপ্তরের মাধ্যমে একাধিকবার মন্ত্রণালয়ে লেখা হয়েছে। মন্ত্রণালয়ের ছাড়পত্র পাওয়া গেলে তাঁদের মুক্তি পেতে কোনো অসুবিধা হবে না।