
ভবন পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে ১০ বছর আগে। তারপর থেকে গাছতলায় চলছে পাঠ। দুই কক্ষবিশিষ্ট একটি ভবন নির্মাণ করা হলেও তাতে স্থান সংকুলান হচ্ছে না। ফলে পরিত্যক্ত ভবনের পাশেই গাছতলায় চলছে শিশু শিক্ষার্থীদের পাঠদান। এতে লেখাপড়া বিঘ্নিত হলেও দেখার যেন কেউ নেই। এ চিত্র সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পাগলা বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৪০ বিদ্যালয়টি নগরবাড়ী-বগুড়া মহাসড়কের উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া বাসস্ট্যান্ডের পাশে প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে এখানে ৪১০ জন শিক্ষার্থী পড়ালেখা করছে। আছেন সাতজন শিক্ষক। ১৯৭০ সালে বিদ্যালয়টির জন্য চার কক্ষবিশিষ্ট একটি পাকা ভবন নির্মাণ করা হয়। শিক্ষার্থীর সংখ্যা বাড়ায় ২০০৪ সালে দুই কক্ষবিশিষ্ট আরেকটি ভবন নির্মাণ করা হয়। এদিকে দীর্ঘদিন মেরামত ও সংস্কার না করায় পুরোনো ভবনটিতে ফাটল ধরে। ছাদের পলেস্তারা খুলে রড বের হয়ে যায়। জানালা-দরজা ভেঙে যায়। ২০০৬ সালে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের পক্ষ থেকে পুরোনো ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। এরপর শিশু থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের গাছতলায় পাঠদান করানো হচ্ছে। সামান্য বৃষ্টি এলেই লেখাপড়া বন্ধ করে সবাইকে ছুটি দিয়ে দিতে হয়। পিডিবি-২ প্রকল্পে নির্মিত দুই কক্ষবিশিষ্ট ভবনে পঞ্চম শ্রেণির দুটি শাখার পাঠদান করা হচ্ছে। তা-ও শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় এই দুই শাখাকে দুই শিফটে পাঠদান করা হচ্ছে।
দ্বিতীয় শ্রেণির ছাত্র আল শাহরিয়ার বলে, রোদে বসে ক্লাস করতে কষ্ট হয়।
চতুর্থ শ্রেণির ছাত্রী আয়শা খাতুন বলে, শিশু শ্রেণি থেকেই বাইরে বসে ক্লাস করছে। পঞ্চম শ্রেণিতে ওঠার অপেক্ষায় আছে। কারণ, তাহলে পাকা ভবনে বসে ক্লাস করতে পারবে।
গত ২২ জানুয়ারি বিদ্যালয় চত্বরে উপস্থিত অভিভাবকেরা বলেন, ছেলেমেয়েদের বিদ্যালয়ে দিয়ে বসে আছেন তাঁরা। যদি পরিত্যক্ত ভবনটি ভেঙে পড়ে, এই আশঙ্কা মনে। অপর অভিভাবক বলেন, যোগাযোগব্যবস্থা ভালো হলেও উপজেলার মধ্যে এই বিদ্যালয়ের দশা সবচেয়ে খারাপ। বিদ্যালয়ের অবকাঠামো সমস্যার কারণে অনেক ছাত্রছাত্রী যাতায়াতের কষ্ট স্বীকার করে দূরের বিদ্যালয়ে ভর্তি হচ্ছে।
প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌসি বলেন, শত কষ্টের মধ্যেও বিদ্যালয়ে শিক্ষার মান ভালো। তিন বছর ধরে শতভাগ পাসসহ জিপিএ-৫ পাচ্ছে। চলতি বছর ৩৪ জন শিক্ষার্থীর মধ্যে ১০ জন জিপিএ-৫সহ শতভাগ পাস করেছে। নতুন ভবনের জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে প্রতিবছর চিঠি দেওয়া হচ্ছে। আশপাশের অনেক বিদ্যালয়ে পাকা ভবন করা হলেও এ বিদ্যালয়ে কেন বরাদ্দ আসছে না, তা বুঝতে পারছেন না। পরিত্যক্ত ভবনটি ঝুঁকিপূর্ণ। কিন্তু তারপরও বাধ্য হয়ে ওই ভবনের পাশেই খোলা আকাশের নিচে শিশুদের বসিয়ে পাঠদান করা হচ্ছে। ভবনটি যেকোনো মুহূর্তে ধসে পড়তে পারে। পরিত্যক্ত ভবনটি ভেঙে ফেলাটা জরুরি হয়ে পড়েছে।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি জহুরুল হাসান বলেন, ৪৯ শতক জমির ওপর বিদ্যালয়টি প্রতিষ্ঠিত। ভবন তৈরির জন্য প্রয়োজনীয় জায়গাও রয়েছে। তারপরও ১০ বছর ধরে এই অবস্থা থাকার পরও সরকারি কর্মকর্তাদের সুনজর পড়েনি এদিকে। শিক্ষার্থীদের কথা বিবেচনা করে বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে টিনের ছাপড়া তুলে দেওয়া হয়েছে। বেড়া দেওয়া সমস্যা, সে জন্য বৃষ্টির দিনে পাঠদান করা যাচ্ছে না। তিনি আরও বলেন, শিশুরা যদি ছোটবেলা থেকেই বিদ্যালয়ে এসে এ রকম ভোগান্তির শিকার হয়, তাহলে শিক্ষার প্রতি তাদের আগ্রহ কমে যাবে। বিষয়টি সাংসদকেও জানানো হয়েছে।
উল্লাপাড়া উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এম জি মাহমুদ ইয়াজদানী বলেন, বিদ্যালয়টির জন্য নতুন ভবন চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে নতুন ভবন করা হবে।