১০ বছর ধরে জেনেশুনে বিষপান!
জয়পুরহাটের কালাই উপজেলার নান্দাইলদীঘি গ্রামের মানুষ ১০ বছর ধরে জেনেশুনে খাওয়ার পানির সঙ্গে আর্সেনিক বিষ পান করছে। এ গ্রামে ৭২৪টি পরিবারের প্রায় চার হাজার মানুষ বাস করে।উপজেলার পুনট ইউনিয়নের ওই গ্রামে ৩৪১টি নলকূপ রয়েছে বলে ইউনিয়ন পরিষদ (ইউপি) সূত্রে জানা গেছে। এর মধ্যে ২০০২ সালে হাতেগোনা কয়েকটি নলকূপের পানি পরীক্ষা করে মাত্রাতিরিক্ত আর্সেনিকের সন্ধান পায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এতে চিহ্নিত হয় আর্সেনিকোসিসে আক্রান্ত কয়েকজন রোগী। এরপর ১০ বছর আর্সেনিকঝুঁকিতে থাকা গ্রামটির অবশিষ্ট নলকূপগুলোর পানি পরীক্ষা করা হয়নি।উপজেলা স্বাস্থ্য বিভাগ গত এপ্রিলে ওই গ্রামের মাত্র আটটি নলকূপের পানি পরীক্ষা করে। পরীক্ষায় তিনটিতে আশঙ্কাজনক মাত্রার আর্সেনিক মিলেছে। আর সন্ধান পাওয়া গেছে আর্সেনিকোসিসে আক্রান্ত আটজন রোগীর। প্রথম আলোর পক্ষ থেকে ওই গ্রামের ২২টি পরিবারে অনুসন্ধান চালিয়ে ১০টি পরিবারের ১০ জন সদস্যের শরীরে আর্সেনিকোসিসের ক্ষত পাওয়া গেছে।কালাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাবিবুল আহসান তালুকদার জানান, আর্সেনিকোসিসে আক্রান্ত রোগীর কিডনি, যকৃৎ বিকল হওয়াসহ ক্যানসার হওয়ার ঝুঁকি থাকে।নান্দাইলদীঘি গ্রামের বাসিন্দা ও পুনট ইউপির প্যানেল চেয়ারম্যান আফজাল হোসেন আশঙ্কা করে জানান, ১০ বছরে গ্রামের অন্য নলকূপগুলোর পানি পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়নি। তিনি অভিযোগ করেন, কয়েক দিন আগে আর্সেনিক ধরা পড়লেও ঝুঁকিপূর্ণ নলকূপগুলোয় সতর্কীকরণ ‘লাল রং’ দিয়ে বিকল্প পানির ব্যবস্থা করা হয়নি। তাঁর ভাষ্যমতে, খোঁজ করলে ওই গ্রামে আর্সেনিকোসিসে আক্রান্ত আরও রোগী পাওয়া যাবে।জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জয়পুরহাটের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ জানান, নান্দাইলদীঘি গ্রামের মানুষ ১০ বছর ধরে আর্সেনিকঝুঁকিতে রয়েছে, এমন তথ্য এত দিন কেউ জানায়নি। অধিদপ্তরের ব্যর্থতার বিষয়টি খতিয়ে দেখা হবে।কালাই উপজেলা স্বাস্থ্য বিভাগ গত এপ্রিলে ওই গ্রামে আটটি নলকূপের পানি পরীক্ষা করে। এর মধ্যে পশ্চিমপাড়ার আবু কালামের নলকূপে প্রতি লিটার পানিতে ১০০ মাইক্রোগ্রাম, প্রতিবেশী রমজান আলীর নলকূপে ৫০ মাইক্রোগ্রাম ও পাশের অন্য একটি নলকূপে ১১ মাইক্রোগ্রাম মাত্রার আর্সেনিক পাওয়া গেছে। পানিতে আর্সেনিকের স্বাভাবিক মাত্রা দশমিক ০৫ গ্রাম থাকা উচিত বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।তিনটি বাড়ির আটজনের শরীরে আর্সেনিকোসিসের সন্ধান পায় স্বাস্থ্য বিভাগ। তাঁরা হলেন: কলেজপাড়ার আবু কালাম (৬০), তাঁর ছেলে কামরুল ইসলাম (৩৮), ছেলের বউ হেলেনা বেগম (৩২)। তাঁরা ১০ বছর ধরে আর্সেনিকোসিসের ক্ষতচিহ্ন নিয়ে আছেন। নতুন করে আক্রান্ত হয়েছেন প্রতিবেশী একাব্বর আলী (৫৮), স্ত্রী রহিমা (৪৮), চতুর্থ শ্রেণীতে পড়ুয়া শিরিনা (১১) ও অন্য একটি মেয়ে। এ ছাড়া পাশের গ্রামে আর্সেনিকোসিসে আক্রান্ত আরও একজনের খোঁজ পেয়েছেন স্বাস্থ্য বিভাগের সঙ্গে সংশ্লিষ্টরা। তাঁদের প্রত্যেকের শরীরে কালো ফোসকা, হাত ও পায়ের তালুতে আর্সেনিকের ক্ষতচিহ্ন রয়েছে।কলেজপাড়ার আবু কালামের নলকূপের পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিক পাওয়ার পরও পরিবারের সদস্যরা খাওয়ার পানি সংগ্রহ করতে দেখা গেছে। আবু কালামের স্ত্রী কুলসুম বেগম বলেন, ‘হামাগেরে কলত বিষ আছে, এডা তো কেউ হামাগরক কয়নি। হামাগেরে কলত কেউ লাল দাগও দেয়নি।’ আবু কালাম বলেন, ‘১০ বছর ধরে এ রোগত ভোগোচি। কয় বছর আগে একবার এক অপিস্যারেরা অ্যাসে ফটক তুলে লিল, অষুদ দিবে, বড়ি দিবে কলো। শ্যাষে কিচুই দেয়নি।’৫ মে প্রথম আলোর এই প্রতিনিধি নান্দাইল চকমুরলীপাড়ার পাশাপাশি ২২টি বাড়িতে অনুসন্ধান চালান। সেখানে ১০ জনের হাত, পা ও শরীরে কালো ফোসকা দেখা গেছে। ধারণা করা হচ্ছে, তাঁরাও আর্সেনিকোসিসে আক্রান্ত। তাঁরা হলেন: চকমুরলীর রেজওয়ান আলী (২২), শাজাহান আলী (৪৫), নুরুল ইসলাম (৫৫), জোমেলা খাতুন (৪৯), মাহমুদা বেগম (২৮), রেবেকো খাতুন (৩৫), রামনাথ চন্দ্র (৩৭) ও আফেলা বেগম (৪০)। অন্য দুজন ব্রিবত বোধ করে তাঁদের নাম-পরিচয় প্রকাশ করতে চাননি। রেজওয়ান আলী জানান, এ পাড়ার একটি নলকূপের পানিও পরীক্ষা করা হয়নি। খোঁজ নিলে প্রতিটি বাড়িতে অন্তত একজন করে এমন রোগী খুঁজে পাওয়া যাবে।উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী (চলতি দায়িত্ব) আমিনুর রহমান জানান, ২০০২ সালের পর থেকে দীর্ঘ ১০ বছরে নতুন করে কোনো নলকূপের পানি পরীক্ষা করা হয়নি এবং আর্সেনিক রোগী খুঁজে বের করার উদ্যোগ নেওয়া হয়নি।