ভারতে গত ১০ বছরে দেশটির পুষ্টি পরিস্থিতি নিয়ে কোনো জরিপ হয়নি। অথচ এই সময়ে পাশের বাংলাদেশ, নেপাল এবং পাকিস্তানে দুবার এই জরিপ হয়েছে। গতকাল রোববার ভারতের ইকোনমিক টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এসব দেশের পুষ্টি পরিস্থিতি হয়তো ভারতের চেয়ে ভালো নয়। তবে জরিপ না হওয়ায় ১০ বছর আগের তথ্য-উপাত্তে দেখা যাচ্ছে, ভারত এসব দেশ থেকে পিছিয়ে আছে।
প্রতিবেদনে বলা হয়, ভারতে জেলা পর্যায়ে সর্বশেষ পুষ্টি জরিপ হয় ২০০২ সালে। ভারতের জাতীয় পরিসংখ্যান কমিশনের চেয়ারম্যান প্রণব সেনকে উদ্ধৃত করে বলা হয়, ‘ভারতে পুষ্টি নিয়ে খুব কম তথ্য আছে।’
ভারতে ২০১৩ সালে জাতিসংঘ শিশু তহবিল-ইউনিসেফ এবং নারী ও শিশু উন্নয়নবিষয়ক মন্ত্রণালয়ের (ডব্লিউসিডি) শিশু জরিপের ফলাফল এখনো প্রকাশ করা হয়নি। ডব্লিউসিডি ছয় মাস আগে স্বাস্থ্য মন্ত্রণালয়কে ওই জরিপের ফল পাঠিয়েছে। ভারতে ২০১৩ সালেই জেলা পর্যায়ে হওয়া খানা ও পরিষেবা জরিপে পুষ্টি বিষয়ে কোনো তথ্য সংগ্রহ করা হয়নি। শিশু জরিপে দেখা গেছে, শিশুদের খর্বাকৃতির হার ৪৮ শতাংশ থেকে ৩৯ শতাংশে কমে গেছে ভারতে। তবে সেই হারও অনেক বেশি।
প্রতিবেদনে বলা হয়, গত এক দশকে বিশ্বের ১০০টির বেশি দেশে ইউনিসেফের সহযোগিতায় বহু নির্দেশক গুচ্ছ জরিপ (এমআইসিএস) হয়েছে। এই জরিপের মাধ্যমে নারী ও শিশুদের সার্বিক স্বাস্থ্য পরিস্থিতির একটি চিত্র পাওয়া যায়। নীতিনির্ধারণে এই জরিপের ভূমিকা ব্যাপক। দুই দফা জরিপের পর ২০০০ সাল থেকে ভারত এমআইসিএস থেকে নিজেদের প্রত্যাহার করে। এ বছর এমআইসিএস জরিপ এর ২০ বছর পূর্ণ করবে। ইতিমধ্যে পাঁচটি জরিপ সম্পন্ন করা হয়েছে। বাংলাদেশ, পাকিস্তান এবং নেপালে এমআইসিএস জরিপ নিয়মিত চলে। ভারতের একজন জনস্বাস্থ্যবিশেষজ্ঞ বলেন, এই জরিপে স্বাস্থ্য পরিস্থিতি বোঝা যায়। এর ফলে কোনো ত্রুটি থাকলে তা শুধরে নেওয়ার সুযোগ থাকে।