১০ বছর ধরে প্রথম চট্টগ্রামের কলেজিয়েট স্কুল এবার দ্বিতীয়
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত মাধ্যমিক (এসএসসি) পরীক্ষার ফলাফলে গত ১০ বছর শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় প্রথম ছিল চট্টগ্রাম কলেজিয়েট স্কুল। কিন্তু এ বছর ফৌজদারহাট ক্যাডেট কলেজের কাছে এ স্থান হারিয়েছে বিদ্যালয়টি। এ কারণে গতকাল বৃহস্পতিবার ফলাফল উদ্যাপনের আনন্দ যেন পূর্ণাঙ্গ ছিল না।ফলাফল ঘোষণার সময় সমবেত শিক্ষার্থী-অভিভাবকদের উদ্দেশে প্রধান শিক্ষক আজিজ উদ্দিন বললেন, ‘টানা ১০ বছর আমরা চট্টগ্রাম শিক্ষা বোর্ডে প্রথম স্থান অধিকার করেছিলাম। এবার আমাদের পেছনে ফেলে প্রথম হয়েছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ। সেরাদের স্বীকৃতি দিতে হবে। এই স্বীকৃতি ওদের প্রাপ্য।’ তাঁর এ কথার সঙ্গে সঙ্গে করতালি দিল শিক্ষার্থীরা।শীর্ষস্থান হারানোয় শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদেরও মন খারাপের বিষয়টি বুঝেই যেন প্রধান শিক্ষক বললেন, ‘আমরা দ্বিতীয় স্থানে, এই পরাজয় থেকে আমাদের শক্তি খুঁজতে হবে। প্রথম স্থান পুনরুদ্ধার করার যুদ্ধে নামতে হবে আমাদের।’এমন বক্তব্যের পর কেটে যায় মন খারাপের ভাব। কৃতী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের উল্লাস-আনন্দে যোগ দেয় এতক্ষণ দূরে থাকা অনুজেরাও। এবার এ বিদ্যালয়ের ৫০০ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৯৭ জন।কৃতী শিক্ষার্থীরা মেতে ওঠে বাঁধভাঙা আনন্দে পরস্পরের সঙ্গে কোলাকুলি ও ছবি তোলায়। জিপিএ-৫ পাওয়া তানভীর রহমান বলল, ‘ফলাফলে খুশি। এখন আপাতত লক্ষ্য, ভালো একটা কলেজে ভর্তি হওয়া। এরপর প্রকৌশল বিষয়ে পড়ার ইচ্ছা রয়েছে।’আনন্দে কারও কারও চোখ ছিল ছলছল। এটা তো ফলাফল প্রকাশের পরের চিত্র। এর আগে ফলাফলের জন্য সকাল থেকে অপেক্ষায় ছিল শিক্ষার্থী ও অভিভাবকেরা। কানাই চন্দ্র দাশ ছেলে শিমু দাশের ফলাফল জেনে দিতে কয়েকবার বিদ্যালয়ে উপস্থিত সংবাদকর্মীদের কাছে ধরনা দিয়েছেন। বেলা দেড়টার দিকে তিনি প্রযুক্তির সহযোগিতায় জানলেন, ছেলে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। খুশিতে আত্মহারা কানাই চন্দ্র বলেন, ‘আমার এক ছেলে গত বছর এই স্কুল থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। এবার ছোট ছেলে পেল।’ তবে তিনি বললেন, ‘ছেলের স্কুল এবারও এক নম্বর হলে ভালো লাগত।’আঙিনাজুড়ে তখন কৃতী শিক্ষার্থীদের উল্লাস। তাদের একজন মেহরাব হোসেন বলল, ‘আমি দারুণ খুশি! ভবিষ্যতে প্রকৌশলী হতে চাই।’বড়দের এই উল্লাস দেখল ছোটরা, ভবিষ্যতের কৃতীরা। যেমন পঞ্চম শ্রেণীর ফাহিম মুশফিকুর ও তার বন্ধুরা স্কুল ছুটির পরও বড়দের ফলাফল জানতে মাঠে ঘোরাঘুরি করে। ফাহিমের বড় ভাই তারেক মুজাহিদ পরীক্ষা দিয়েছে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে কলেজিয়েটের মাঠ খালি হতে থাকে। কৃতী শিক্ষার্থীরা প্রিয় বিদ্যালয়ের আঙিনা থেকে পা বাড়ায় বাড়ির পথে। মনে থাকে প্রধান শিক্ষকের মানুষ হওয়ার উপদেশ।