১০ বছর ধরে বন্ধ গ্রন্থাগার আড়াই হাজার বই নষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা গণগ্রন্থাগারটি ১০ বছর ধরে বন্ধ রয়েছে। দীর্ঘদিন ধরে পোকায় কাটায় এবং ময়লা-আবর্জনা পড়ে থাকায় এর প্রায় আড়াই হাজার বই নষ্ট হয়ে গেছে। এ অবস্থায় সংস্কার করে গ্রন্থাগারটি আবার চালু করার দাবি জানিয়েছেন সাধারণ পাঠকেরা।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আরিফুল ইসলাম বলেন, ‘গণগ্রন্থাগারের ভবনটি ব্যবহারের অনুপযোগী। তাই নতুন করে ভবন নির্মাণ করে গ্রন্থাগারটি চালু করার জন্য বরাদ্দ চাওয়া হয়েছে। এ-সংক্রান্ত ফাইলটি বিভাগীয় কমিশনার মহোদয়ের কার্যালয়ে রয়েছে। বরাদ্দ পেলেই কাজ শুরু করব।’
গণগ্রন্থাগার, উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৮৫ সালে গণগ্রন্থাগারটি প্রতিষ্ঠিত হয়। শুরু থেকেই খাড়েরা গ্রামের মুক্তিযোদ্ধা মো. শাহ আলম এটির দেখাশোনার দায়িত্বে ছিলেন। এ জন্য উপজেলা পরিষদ থেকে তিনি মাসে দুই হাজার টাকা সম্মানী পেতেন। ২০০৫ সাল পর্যন্ত তিনি সেখানে চাকরি করেন। কারণ ওই বছর উপজেলা পরিষদ থেকে তাঁর সম্মানী বন্ধ করে দেওয়া হয়। উপজেলা পরিষদ থেকে তখন তাঁকে বলা হয়, উপজেলা পরিষদ থেকে গ্রন্থাগারিককে বেতন দেওয়ার নিয়ম নেই। বিনা বেতনে চাকরি করতে পারেন। এ পরিস্থিতিতে মো. শাহ আলম চাকরি ছেড়ে দেন। তখন থেকেই গ্রন্থাগারটি বন্ধ পড়ে আছে।
মো. শাহ আলম বলেন, বিনা বেতনে চাকরির কথা বলায় তিনি ২০০৫ সালে চাকরি ছেড়ে দেন। সেই থেকে গ্রন্থাগারটি বন্ধ। গ্রন্থাগারটিতে মূল্যবান দুই হাজার ৪০০ বই ছিল। ১০ বছরে সেগুলো নষ্ট হয়ে গেছে। প্রতিদিন পাঠকেরা গ্রন্থাগারটিতে পত্রিকা ও বই পড়তে আসতেন।
গত বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, গ্রন্থাগারের সামনে প্রচুর ময়লা জমে আছে। ভবনটির ছাদ ও চারদিকের দেয়ালে শেওলা জমে গেছে।
প্রথম আলো কসবা বন্ধুসভার সদস্য রাকিবুল হক বলেন, ‘প্রায় তিন বছর আগে আমরা গ্রন্থাগারটি ধুয়েমুছে পরিষ্কার করেছিলাম। তখন থেকে গ্রন্থাগারটি চালু করতে উপজেলা প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসছিলাম। কিন্তু কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না। গ্রন্থাগারটি চালু করার দাবি করছি।’
গ্রন্থাগারটির এক সময়ের নিয়মিত পাঠক লুৎফুল কবির বলেন, গ্রন্থাগারটি চালু থাকলে ছেলেমেয়েরা নিরিবিলি বই পড়তে পারত। গ্রন্থাগারটি বন্ধ থাকায় তা সম্ভব হচ্ছে না।