১০ বছর ধরে বন্ধ রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দের বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র। রক্ষণাবেক্ষণের অভাবে কেন্দ্রটি অযত্ন-অবহেলায় পড়ে আছে। প্রতিবছর রোকেয়া দিবস ছাড়া কেন্দ্রটি খোলা হয় না।
স্মৃতিকেন্দ্র সূত্র জানায়, রোকেয়ার আদর্শ, কর্ম ও জীবন সম্পর্কে নতুন প্রজন্মকে অবহিত করার পাশাপাশি তাঁর স্মৃতি ও অবদান স্মরণীয় করে রাখতে ১৯৯৭ সালের ২৮ জুন বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। সোয়া তিন একর জমির ওপর নির্মিত কেন্দ্রটি নির্মাণে ব্যয় হয় তিন কোটি ৭৮ লাখ ৭৯ হাজার টাকা। ২০০১ সালে স্মৃতিকেন্দ্রটি উদ্বোধন হয়। এরপর ২০০৪ সালের ৫ অক্টোবর সেটি বন্ধ করে দেওয়া হয়। তখন থেকে উপপরিচালকসহ ১৩ কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতাও বন্ধ হয়ে আছে। এসব কর্মকর্তা-কর্মচারীর অনেকেই অন্যত্র চলে গেছেন।
এখানে বেগম রোকেয়ার একটি ম্যুরাল, ২৬০ আসনের মিলনায়তন, ১০০ আসনের সেমিনারকক্ষ, ১০ হাজার পুস্তক ধারণক্ষমতাসম্পন্ন লাইব্রেরি, চার হাজার বিভিন্ন বইপত্র ও পত্রিকা, গবেষণাকেন্দ্র, সংগ্রহশালা, ২৫টি সেলাই মেশিনসহ একটি প্রশিক্ষণকেন্দ্র আছে। সে সঙ্গে আছে কর্মকর্তা-কর্মচারীদের অফিস, উপপরিচালকসহ কর্মচারীদের আবাসন ব্যবস্থা। এখন সবগুলো কক্ষই বছরের পর বছর ধরে তালাবদ্ধ।
২০০৮ সালের নভেম্বর মাসে সাবেক তত্ত্বাবধায়ক সরকার স্মৃতিকেন্দ্রটি বিকেএমইএর (বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন) কাছে পাঁচ বছরের জন্য ইজারা দেয়। বিকেএমইএ সেখানে সেলাই প্রশিক্ষণকেন্দ্র গড়ে তোলে । ২০১০ সালের এপ্রিল মাসে বিকেএমইএ সেখান থেকে চলে গেলে এ কার্যক্রমও বন্ধ হয়ে যায়।
প্রতিবছর রোকেয়া দিবস ঘিরে কেন্দ্রটি খোলা হয়। এ বছরও ৯ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। সেখানে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি চলবে। মেলা প্রাঙ্গণে শতাধিক নানা ধরনের হস্তশিল্পের স্টল বসেছে।
এটি দেখাশোনার দায়িত্বে থাকা উপপরিচালক আবদুল্লাহ আল ফারুক বলেন, ‘এটি চালু করা না-করার বিষয়টি সরকারের উচ্চপর্যায়ের ব্যাপার। এখান থেকে ছেড়ে যে অন্য কোথাও যাব তারও কোনো উপায় পাচ্ছি না।’