১০ বছর ধরে মামলার তদন্ত করছে দুদক!
১০ বছর ধরে একটি দুর্নীতির মামলা তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০০২ সালে বগুড়ার আদর্শ ডিগ্রি কলেজের তৎকালীন অধ্যক্ষ ও পরিচালনা কমিটির বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে এক লাখ ১৬ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে মামলাটি করেন কলেজের প্রদর্শক পদে নিয়োগবঞ্চিত বগুড়া শহরের শহরদিঘি গ্রামের তোফাজ্জল হোসেন।মামলা হওয়ার পর বগুড়ার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক অভিযোগ তদন্ত করে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এর মধ্যে ২০০৪ সালে ব্যুরো বিলুপ্ত করে দুদক গঠন করা হয়। কিন্তু ১০ বছরেও মামলাটির প্রতিবেদন আলোর মুখ দেখেনি। সর্বশেষ গত ১৯ নভেম্বর মামলার বাদী তোফাজ্জল হোসেন প্রতিবেদন চেয়ে নতুন করে দুদকের মহাপরিচালকের কাছে আবেদন করেছেন।জানতে চাইলে দুদকের রাজশাহী বিভাগীয় পরিচালক মো. আবুল বায়েছ মিয়া প্রথম আলোকে বলেন, ব্যুরো বিলুপ্ত ঘোষণার পর আগের মামলার কার্যক্রম তিন বছর বন্ধ ছিল। কী কারণে মামলাটির প্রতিবেদন দিতে এত সময় লাগছে, তা নথি না দেখে বলা সম্ভব নয়। বাদী নথিসহ যোগাযোগ করলে বিষয়টি খতিয়ে দেখা হবে।মামলা সূত্রে জানা গেছে, বগুড়া শহরতলির আদর্শ ডিগ্রি মহাবিদ্যালয়ে সাচিবিক বিদ্যা ও অফিস ব্যবস্থাপনা বিষয়ের প্রদর্শক পদে লোক নিয়োগের জন্য ১৯৯৯ সালের ২০ ডিসেম্বর ও ২০০০ সালের ১৯ জানুয়ারি দুই দফা পত্রিকায় বিজ্ঞপ্তি ছাপা হয়। তৎকালীন অধ্যক্ষ ও কলেজ কমিটির সদস্যরা এক লাখ ২০ হাজার টাকা ঘুষ দাবি করে তোফাজ্জল হোসেনের কাছ থেকেন। পরে এক লাখ ১৬ হাজার টাকার বিনিময়ে তিনি নিয়োগপত্র পান। পরে এমপিওভুক্তির জন্য শিক্ষা অধিদপ্তরে আবেদন করার পর তোফাজ্জল হোসেন জানতে পারেন, সরকারি চাকরিবিধি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জনবলকাঠামো লঙ্ঘন করে তাঁকে নিয়োগ দেওয়ায় এমপিওভুক্তি সম্ভব নয়। এ অবস্থায় ঘুষের টাকা ফেরত ও প্রতারণার অভিযোগে ২০০২ সালের ১৫ এপ্রিল তোফাজ্জল হোসেন আদালতে মামলা করেন। মামলায় কলেজ পরিচালনা কমিটির সাবেক দুই সভাপতি এবং বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুৎফর রহমান এবং কাজী আখতার হোসেন, তৎকালীন অধ্যক্ষ মো. নুরুন্নবীসহ ছয়জনকে বিবাদী করা হয়। প্রতারণার পাশাপাশি মামলাটি ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় দায়ের হওয়ায় আদালত মামলাটির তদন্তের দায়িত্ব দেন দুর্নীতি দমন ব্যুরোকে।তোফাজ্জল হোসেন অভিযোগ করেন, আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১০ বছর ধরে তদন্তকারী সংস্থায় তিনি ধরনা দিচ্ছেন। কিন্তু দুজন আমলাকে বিবাদী করায় মামলার নথি কোথায় কী অবস্থায় আছে তার হদিস কেউ দিচ্ছে না। বাদীপক্ষের আইনজীবী বিনয় কুমার দাস জানান, তদন্ত প্রতিবেদনের জন্য আগামী ১ জানুয়ারি মামলার পরবর্তী তারিখ ধার্য রয়েছে।