১০ বছর ধরে সেতুর নির্মাণকাজ বন্ধ
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুরাইচ ইউনিয়নের পাকুরিয়া গ্রামের পাকুরিয়া খালের ওপর সেতুর নির্মাণকাজ ১০ বছরেও শেষ হয়নি। ঠিকাদার সেতুর আটটি পিলার ও বিম নির্মাণের পর তহবিলের অভাবে কাজ না করায় এলাকার দুই সহস্রাধিক মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে।২০০১ সালে ২৭ মিটার দৈর্ঘ্যের সেতুটি নির্মাণের উদ্যোগ নিয়েছিল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। সেতুটির নির্মাণকাজ ওই বছরই তহবিলের অভাবে বন্ধ হয়ে যায়। সেতুসংলগ্ন এলাকার রেণু বেগম জানান, সেতুটি না হওয়ায় চরপাকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নিচু চরপাকুরিয়া গ্রামের জাবেদ পারভেজ বালিকা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বহু কষ্টে আসা-যাওয়া করতে হয়। তাদের হেঁটে অথবা তিন কিলোমিটার ঘুরে স্কুলে যেতে হয়। এ ছাড়া এলাকার লোকদের যাতায়াতেও ভোগান্তি পোহাতে হচ্ছে।এলাকার কৃষক মোশাররফ হোসেন বলেন, দুই পারেই ফসলি জমি আছে। ফসল আনা-নেওয়া করতে হয় পানি ভেঙে। পাকুরিয়া ও নিচু চরপাকুরিয়া গ্রামে প্রায় দুই হাজার পরিবার বসবাস করে। সেতুটির নির্মাণকাজ শেষ না হওয়ায় তাদের অনেক সমস্যা হচ্ছে। স্থানীয় ইউপি সদস্য (৫ নম্বর ওয়ার্ড) জহুরুল হক মিয়া বলেন, ‘এই সেতু আমাদের এলাকার মানুষের প্রাণের দাবি। সেতুটি না হওয়ায় আমাদের বেশ সমস্যা হচ্ছে। কৃষকদের খালের পানিতে ভিজে ফসল ঘরে আনতে হয়।’ঠিকাদার আবদুল মান্নান বলেন, ‘২০০১-০২ অর্থবছরে আট লাখ ১০ হাজার টাকায় এই সেতুটি নির্মাণের কাজ পাই। কাজটি ১৮০ দিনের মধ্যে শেষ করার কথা ছিল। আমি ১২০ দিন কাজ করে আটটি পিলারসহ বিম নির্মাণ করি। চার লাখ ৮০ হাজার টাকা তুলেছি। কিন্তু এরপর টাকা না পাওয়ায় কাজ এগিয়ে নিতে পারিনি। পরে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কাজটি করতে অপারগতা জানাই।’এলজিইডি আলফাডাঙ্গার উপজেলা প্রকৌশলী জয়নাল আবেদীন বলেন, ‘ওই সেতুসংক্রান্ত কোনো তথ্য আমাদের কাছে নেই। আমি এ বিষয়ে কিছু বলতে পারব না।’বুরাইচ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল ওয়াহাব বলেন, সেতুটি এলাকার মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ। সেতুটির কাজ যাতে শেষ করা যায় সে ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।ফরিদপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী আবদুল্লাহ আল আদদাদ বলেন, ‘১০ বছরেও সেতুটির কাজ কেন শেষ হয়নি তা আমার বোধগম্য নয়। বিষয়টি তদন্ত করে কাজটি যাতে শেষ করা সম্ভব হয় সে ব্যাপারে উদ্যোগ নেব।’