১০ বছর পর অভিযোগপত্র!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের এক মামলায় ১০ বছর পর অভিযোগপত্র দেওয়ায় দুই তদন্ত কর্মকর্তাকে আদালতে তলব করা হয়েছে। ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আখতারুজ্জামান এই আদেশ দেন। ১৭ অক্টোবরের এই আদেশ গতকাল সোমবার প্রকাশ করা হয়।তদন্ত কর্মকর্তারা হলেন: তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা হারুন-অর রশীদ ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক কমল কুমার রায়। আদালত সূত্রে জানা যায়, ২০০২ সালে মেসার্স অ্যাপারেল সোর্সেসের চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন ও ব্যবস্থাপনা পরিচালক সাইফুল আলম উত্তরা ব্যাংকের দারুস সালাম শাখা থেকে পোশাক তৈরির শর্তে দুটি ব্যাক টু ব্যাক ঋণপত্রের (এলসি) মাধ্যমে কাপড় আমদানি করেন। কিন্তু প্রতিষ্ঠানটি পোশাক তৈরি করার পরও তা রপ্তানি না করে ১৯ লাখ ১৩ হাজার টাকা আত্মসাৎ করে। এই অভিযোগে ২০০৩ সালের ৫ আগস্ট তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা হারুন-অর রশীদ মিরপুর থানায় এ মামলা করেন। দুদকের কর্মকর্তা কমল কুমার রায় গত ৩০ মে আবদুল্লাহ আল মামুন, হারুন-অর রশীদ, উত্তরা ব্যাংকের সংশ্লিষ্ট শাখার তৎকালীন ব্যবস্থাপক খান আহসান এরতাজুল ইসলাম ও বৈদেশিক মুদ্রা বিনিময় বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। দুই ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে।১৭ অক্টোবর আসামি খান আহসান এরতাজুল ইসলাম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। তাঁর আইনজীবী আদালতকে বলেন, ২০০৩ সালে মামলা করা হয়, কিন্তু দীর্ঘ ১০ বছর পর আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। আসামি স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন। তাই জামিন পেতে পারেন। শুনানি শেষে আদালত আসামির জামিন মঞ্জুর করেন। আদালত একই সঙ্গে দুদকের দুই কর্মকর্তাকে তলব করেন। তলব বিষয়ে এই আদেশ গতকাল প্রচার করা হয়। তলব নোটিশে কেন মামলা করার পর অভিযোগপত্র দিতে ১০ বছর সময় লাগল, এ বিষয়ে দুই কর্মকর্তাকে আদালতে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়।