১০ বছর পর কুড়িগ্রাম জেলা আ.লীগের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশ বছর পর কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আজ বুধবার। সকাল ১০টায় জেলা শহরের কলেজ মোড়ের বিজয়স্তম্ভে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এর উদ্বোধন করবেন দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ। সম্মেলনে সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি আ ম সা আ আমীন। এতে বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০০৩ সালে জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়। সম্প্রতি আ ম সা আ আমীন সভাপতি পদ থেকে পদত্যাগ করলে সম্মেলনের ঘোষণা দেওয়া হয়। সম্মেলনে নতুন কমিটি গঠন করা হবে। ইতিমধ্যে এ কমিটির সভাপতি পদে চারজন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আটজন এবং সাংগঠনিক সম্পাদক পদে ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন।জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক রবি বোস জানান, জেলায় ২৫৭ জন কাউন্সিলর রয়েছে। মূলত সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন হবে। যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে তিনজন করে নির্বাচিত হবেন। তবে সাধারণ সম্পাদক পদে কুড়িগ্রাম-২ (সদর) আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর আলী ছাড়া অন্য কারও নাম শোনা যায়নি। সভাপতি পদের প্রার্থীরা হলেন: কুড়িগ্রাম-৪ আসনের সাংসদ জাকির হোসেন, আমিনুল ইসলাম মণ্ডল, চাষী আবদুল করিম ও স্থানীয় দৈনিক কুড়িগ্রাম খবরের সম্পাদক এস এম ছানালাল বকশী। যুগ্ম সাধারণ সম্পাদক পদে সদর উপজেলা কাঠালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমান উদ্দিন আহামেঞ্চদ, আব্রাহাম লিংকন, রাশেদুজ্জামান বাবু, আওয়ামী লীগের নেতা নাজমুল ক্রাউন, অলক সরকার, মো. নুরুজ্জামান, শেখ বাবুল ও আহসান হাবীব এবং সাংগঠনিক সম্পাদক পদে আবুল কালাম আজাদ, সাঈদ হাসান, আ ন ম ওবায়দুর রহমান, সালাউদ্দিন রুবেল, আমিনুল ইসলাম ও খাদিজা পারভীন প্রতিদ্বন্দ্বিতা করছেন।সভাপতি প্রার্থী চাষী আবদুল করিম বলেন, ‘আমি প্রতিটি ভোটারের কাছে গিয়েছি। তাঁরা যে রায় দেবেন তা মেনে নেব।’ অপর প্রার্থী আমিনুল ইসলাম বলেন, ‘ভোটারদের ওপর আমার আস্থা আছে। তাঁরা ভুল করবেন না। যুগ্ম সাধারণ সম্পাদক প্রার্থী আব্রাহাম লিংকন, আমান উদ্দিন, রাশেদুজ্জামান বাবু ও নাজমুল ক্রাউন জানান, নির্বাচনের মাধ্যমে এবার জেলার ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের কমিটিগুলো গঠিত হয়েছে। প্রতিটি স্থানে ভোটাররা শিক্ষিত এবং ত্যাগী নেতাদের মুল্যায়ন করেছে। এখানেও কাউন্সিলররা ভুল করবেন না। সুষ্ঠুভাবে নির্বাচন করার প্রস্তুতি নেওয়া হয়েছে।