বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সমাবেশে বোমা হামলার ১০ বছর পর হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে বলে দাবি করেছে তদন্তকারী সংস্থা সিআইডির সূত্র। সূত্রটি বলছে, নতুন করে চালানো তদন্তে ওই আক্রমণের পরিকল্পনা ও ঘটনায় সরাসরি জড়িত ১১ জনের নাম বেরিয়ে এসেছে।আজ ২০ জানুয়ারি। ১০ বছর আগে এই দিনে রাজধানীর পল্টন ময়দানে সিপিবির সমাবেশে বোমা হামলায় পাঁচজন নিহত হন। আহত হন আরও প্রায় ৫০ জন। ভয়াবহ এই হামলায় জড়িত ব্যক্তিদের আজও বিচারের মুখোমুখি করা সম্ভব হয়নি। সিপিবির অভিযোগ, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে মামলাটির তদন্ত ভিন্ন খাতে নেওয়া হয়েছিল।মূলত বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে নতুন করে মামলাটির তদন্তের উদ্যোগ নেওয়া হয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তদন্ত আরও গতি পায়। সিআইডির সূত্র প্রথম আলোকে বলেছে, গত বছর হরকাতুল জিহাদের (হুজি) নেতা মুফতি মইন উদ্দিন শেখ ওরফে আবু জান্দাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর ঘটনার জট খুলতে থাকে। এরপর তদন্তে ওই আক্রমণে সরাসরি ও পরিকল্পনায় জড়িত ১১ জনের নাম বেরিয়ে আসে। সবাই নিষিদ্ধ জঙ্গি সংগঠন হুজির সদস্য। তাঁরা হলেন মুফতি মইন ওরফে জান্দাল, মুফতি আহসান উল্লাহ, আরিফ হাসান ওরফে সুমন, মাওলানা শেখ ফরিদ, জাহাঙ্গীর বদর, মাওলানা সাব্বির আহমেদ, মুফতি শফিকুর রহমান, মুফতি আবদুল হাই, মুফতি আবদুল হান্নান, নূর ইসলাম ও অজ্ঞাতপরিচয় একজন (খুলনায় বাড়ি)। এঁদের মধ্যে জান্দাল, মুফতি হান্নান ও আরিফ হাসান কারাগারে আছেন। আহসান উল্লাহ ২০০৬ সালে ভারতে নিহত হন। বাকিরা পলাতক। মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক মৃণাল কান্তি সাহা গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, মামলাটির তদন্তকাজ অনেকটা গুছিয়ে আনা হয়েছে। এতে জড়িত ১১ জনের নাম পাওয়া গেছে। তাঁদের মধ্যে দুজনের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা এখনো বের করা যায়নি। তবে যত শিগগির সম্ভব, তদন্ত শেষ করার চেষ্টা চলছে। তদন্ত কর্মকর্তা জানান, এই মামলায় এখন ১৮ জন গ্রেপ্তার আছেন।আদালত সূত্র জানায়, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি জান্দাল ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সিপিবির সমাবেশে হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেন। তিনি বলেছিলেন, হুজির সাংগঠনিক সিদ্ধান্তে ওই হামলা চালানো হয়। জান্দাল জবানবন্দিতে বলেন, হামলার আগের দিন মোহাম্মদপুরের আরিফ হাসানের বাসায় বসে আক্রমণে কার কী ভূমিকা হবে, তা ঠিক করা হয়।সিআইডি ২০০৩ সালের ১৭ ডিসেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়ে মামলাটি শেষ করে দেয়। এরপর ২০০৫ সালের ২৭ জানুয়ারি তা পুনরুজ্জীবিত করার জন্য একই তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত পুনঃতদন্তের নির্দেশ দেন। এর পরও কেটে গেছে আরও পাঁচ বছর।এদিকে হামলার দশম বার্ষিকী উপলক্ষে সিপিবি আজ বৃহস্পতিবার বিভিন্ন কর্মসূচি পালন করবে। বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত রাজধানীর মুক্তাঙ্গনে অস্থায়ী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ এবং বিচারের দাবিতে সংহতি সভা হবে।