১০ বছর পর জামিনে মুক্ত ট্রাকচালক আলতু মিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুল আলোচিত এক ট্রাক গুলি এবং বিপুল পরিমাণ বিস্ফোরক আটকের মামলায় জেলহাজতে থাকা একমাত্র আসামি ট্রাকচালক আলতু মিয়া ১০ বছর পর গতকাল সোমবার বগুড়ার একটি আদালত থেকে জামিনে বেরিয়ে গেছেন।
২০০৩ সালের ২ সেপ্টেম্বর থেকে হবিগঞ্জের বাহুবল উপজেলার ওলিপুর গ্রামের আলতু মিয়া আলোচিত এ বিস্ফোরক মামলায় আটক ছিলেন। বগুড়ার অতিরিক্ত জেলা দায়রা জজ আদালত-৩-এর বিচারক ওয়াদুদ ওয়াহেদ চঞ্চল গতকাল জামিন মঞ্জুর করলে তিনি জেলা কারাগার থেকে মুক্তি পান। মামলার অন্য আসামিরা আগেই জামিনে বেরিয়ে গেছেন।
আদালত সূত্র জানায়, ২০০৩ সালের ২৭ জুন রাতে বগুড়ার কাহালু উপজেলার যোগারপাড়া গ্রামের একটি ইটভাটা থেকে ট্রাকভর্তি ৪৫ হাজার তাজা গুলি ও ৯৮ কেজি বিস্ফোরক আটক করা হয়। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে উপজেলা কৃষক লীগের সভাপতি সৈয়দ আফলাকুর রহমান ওরফে পিন্টুসহ সাতজনের বিরুদ্ধে একটি মামলা করে। এ ঘটনায় পরে আটক করা হয় ট্রাকচালক আলতু মিয়াসহ দুজনকে। পরে এ ঘটনায় পৃথক আরও তিনটি মামলা দায়ের করা হয়। সব কটি মামলা তদন্ত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। একটি মামলায় সিআইডির সহকারী পুলিশ সুপার মুন্সি আতিকুর রহমান ২০০৩ সালের ১১ সেপ্টেম্বর আদালতে কৃষক লীগের নেতাসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। মামলা থেকে অব্যাহতি দেওয়া হয় দুজনকে। গতকাল সোমবার এই মামলায় আলতু মিয়াকে জামিন দেওয়া হয়।