চট্টগ্রামের বিএনপি নেতা ও শিল্পপতি জামাল উদ্দিন চৌধুরী অপহরণ ও হত্যা মামলার এক আসামি ১০ বছর পর জামিনে মুক্তি পেয়েছেন। তাঁর নাম শহীদুল ইসলাম। গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি জামিনে ছাড়া পান।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপকারাধ্যক্ষ আমিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, জামাল উদ্দিন হত্যা মামলায় ২০০৫ সালে কারাগারে আসেন আসামি শহীদুল ইসলাম। এই মামলায় উচ্চ আদালত তাঁকে জামিন দেন। জামিননামা ২০ জুলাই কারাগারে আসে। তাঁর বিরুদ্ধে আনোয়ারা ও পটিয়া থানার আরও দুটি চাঁদাবাজির মামলা থাকায় তিনি এত দিন মুক্তি পাননি। দুটি মামলার জামিননামা গত মঙ্গলবার আসার পর যাচাই-বাছাই করে তাঁকে বুধবার কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
২০০৩ সালের ২৪ জুলাই রাতে নগরের চকবাজারের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে চান্দগাঁওয়ের বাসায় ফেরার পথে সন্ত্রাসীরা অপহরণ করে জামাল উদ্দিনকে।
নিহত ব্যক্তির পরিবারের অভিযোগের ভিত্তিতে দুই বছর পর অপহরণের অন্যতম হোতা আনোয়ারা সদরের সাবেক ইউপি সদস্য শহীদকে গ্রেপ্তার করা হয়। তাঁর স্বীকারোক্তিতে জেলার ফটিকছড়ির কাঞ্চননগরের পাহাড়ি এলাকা থেকে ২০০৫ সালের ২৪ আগস্ট জামাল উদ্দিনের কঙ্কাল উদ্ধার করে র্যা ব।
আদালত সূত্র জানায়, চান্দগাঁও থানায় করা মামলাটি তদন্ত শেষে ২০০৬ সালের ১০ ডিসেম্বর শহীদুল ইসলামসহ ১৬ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন আদালতে সিআইডির এএসপি হামিদুল হক।
উচ্চ আদালতের স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ার পর ১০ বছর আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দেওয়া অভিযোগপত্র
গত ২২ ফেব্রুয়ারি গ্রহণ করেন আদালত।