১০ বছর পর পিটিশন কমিটির বৈঠক, উপস্থিত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণ মানুষকে জাতীয় সংসদের সঙ্গে সরাসরি সম্পৃক্ত করার জন্য গঠিত সংসদের পিটিশন কমিটি। এই কমিটি প্রায় ১০ বছর পর বৈঠক করেছে। কিন্তু বৈঠকে কমিটির ১০ সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন মাত্র চারজন।
সংসদ ভবনে আজ বৃহস্পতিবার কমিটির সভাপতি স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই বৈঠক হয়। বৈঠকে আরও উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, সাবের হোসেন চৌধুরী ও শেখ মো. নূরুল হক। কমিটির অপর সদস্যরা হলেন এইচ এম এরশাদ, শেখ ফজলুল করিম সেলিম, আবদুস শহীদ, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, মহীউদ্দীন খান আলমগীর ও মাইন উদ্দীন খান বাদল।
অন্য সদস্যদের অনুপস্থিতি সম্পর্কে সভাপতি শিরীন শারমিন চৌধুরী বলেন, কয়েকজন দেশের বাইরে আছেন, একজন অসুস্থ।
সংসদের কার্যপ্রণালি বিধিতে বলা আছে, কোনো ব্যক্তি কোনো বিষয়ে প্রচলিত আইনে প্রতিকার না পেলে তিনি প্রতিকার পাওয়ার জন্য সংসদের কাছে পিটিশন জমা দিতে পারবেন। এই বিধি দ্বারা জনগণকে সংসদের সঙ্গে সরাসরি সম্পৃক্ত করার সুযোগ থাকলেও সংসদের জন্মলগ্ন থেকেই পিটিশন কমিটি প্রায় অকার্যকর।
সংসদ সচিবালয়ের তথ্যানুযায়ী, পঞ্চম সংসদ (১৯৯১) থেকে এখন পর্যন্ত ১৪৯টি পিটিশন জমা পড়লেও গৃহীত হয়েছে মাত্র ২০টি। এর মধ্যে কার্যকর পরিণতি পেয়েছে মাত্র একটি। ২০০৫ সালে অষ্টম সংসদে পিটিশন কমিটির সুপারিশের ভিত্তিতে বিকল্প রাস্তা তৈরি হওয়ার আগ পর্যন্ত সাতক্ষীরা টিভি সম্প্রচার কেন্দ্রের মাঝখানের রাস্তাটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। সেটিই ছিল পিটিশন কমিটির সর্বশেষ বৈঠক।
শিরীন শারমিন বলেন, কার্যকর ও গ্রহণযোগ্য পিটিশন কেন জমা পড়ে না, আর পিটিশন কমিটিই বা কেন কার্যকর ভূমিকা রাখতে পারছে না, সেটি চিহ্নিত করতে কমিটির বৈঠক ডাকা হয়েছে। তিনি আরও বলেন, বলা আছে যা কিছু আইনের মাধ্যমে সমাধানযোগ্য তা নিয়ে কোনো পিটিশন জমা দেওয়া যাবে না। কিন্তু সব বিষয়েই তো কোনো না কোনো আইন আছে। তাহলে এখানে পিটিশন কমিটির কাজ কী? মানুষ কোন কোন বিষয়ে প্রতিকার পাওয়ার জন্য পিটিশন কমিটিতে আবেদন করতে পারবে, সে বিষয়গুলো কার্যপ্রণালীবিধিতে স্পষ্ট নয়।
স্পিকার জানান, কোন কোন বিষয়ে একজন নাগরিক কমিটির কাছে পিটিশন করতে পারবে তা চিহ্নিত করার জন্য বৈঠক করা হয়েছে। এ জন্য এখন পর্যন্ত যতগুলো পিটিশন নিয়ে কাজ হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত জানিয়ে সংশ্লিষ্টদের একটি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটির আগামী বৈঠকের আগেই এই প্রতিবেদন জমা দিতে হবে।