
আওয়ামী লীগের নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার বিচার-প্রক্রিয়া শুরু হলো দীর্ঘ দশ বছর পর। গতকাল রোববার এ মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরীসহ ৩২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর আগে নয়বার অভিযোগ গঠনের তারিখ পিছিয়েছিল।
গতকাল প্রায় আড়াই ঘণ্টা শুনানির পর অভিযোগ গঠন করেন সিলেটের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান। পরে আদালত ২১ সেপ্টেম্বর মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেন। এ সময় আদালতে লুৎফুজ্জামান বাবর, আরিফুল হকসহ এ মামলায় গ্রেপ্তার ১৪ জন আসামি আদালতে উপস্থিত ছিলেন।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে জনসভায় গ্রেনেড হামলায় শাহ এ এম এস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান হত্যা ও বিস্ফোরক আইনে হবিগঞ্জ সদর থানায় দুটি মামলা করেন। ২০০৫ সালের ২০ মার্চ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ১০ জনকে আসামি করে হবিগঞ্জ আদালতে অভিযোগপত্র দেয়। ২০১১ সালের ২০ জুন সিআইডি দ্বিতীয় পর্যায়ে তদন্ত করে নতুন করে লুৎফুজ্জামান বাবর ও নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) শীর্ষ নেতা মুফতি আবদুল হান্নানসহ ১৬ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেয়। সর্বশেষ গত বছরের ১৩ নভেম্বর তৃতীয় পর্যায়ে সম্পূরক অভিযোগপত্র দেয় সিআইডি। অভিযোগপত্রে নতুন করে আরিফুল, হবিগঞ্জ পৌরসভার সাময়িক বরখাস্ত হওয়া মেয়র জি কে গউছ, বিএনপি নেতা হারিছ চৌধুরীসহ নয়জনকে আসামি করা হয়। সব মিলিয়ে এ মামলায় আসামি হয় ৩২ জন।
এদের মধ্যে লুৎফুজ্জামান বাবর, আরিফুল হক, জি কে গউছ, মুফতি হান্নানসহ ১৪ জন কারাগারে আছেন। আটজন জামিনে আছেন। আর বিএনপি নেতা হারিছ চৌধুরীসহ ১০ জন পলাতক। চলতি বছরের ২১ জুন মামলাটি হবিগঞ্জ আদালত থেকে সিলেটের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।
আদালত সূত্র জানায়, গতকাল সকালে একে একে ১৪ আসামিকে আদালতে হাজির করা হয়। এঁদের মধ্যে আসামি আরিফুলকে অ্যাম্বুলেন্সে করে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে নেওয়া হয়। এরপর একটি হুইলচেয়ারে করে তাঁকে আদালতের ভেতরে নিয়ে যাওয়া হয়। তখন সিলেট সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও বিএনপি-ছাত্রদলের নেতা-কর্মীরাও আদালত এলাকায় ভিড় জমান। নেতা-কর্মীরা আরিফুলের পক্ষে স্লোগান দিতে থাকেন। পুলিশ নেতা-কর্মীদের অন্যত্র সরিয়ে দেয়।
বেলা ১১টার দিকে অভিযোগ গঠন নিয়ে শুনানি শুরু হয়। চলে প্রায় বেলা দেড়টা পর্যন্ত। আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগ গঠন না করতে আদালতে মতামত উপস্থাপন করেন। একই সঙ্গে আসামি আরিফুলকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আবেদন করেন তাঁর আইনজীবী। অপরদিকে সরকারপক্ষের আইনজীবীরা অভিযোগ গঠন করতে তাঁদের মতামত উপস্থাপন করেন। পরে আদালত শুনানি নিয়ে অভিযোগ গঠন করে মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন এবং আসামি আরিফুলের অসুস্থতার ব্যাপারে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আদালতকে অবহিত করার জন্য সিলেটের জ্যেষ্ঠ জেল সুপারকে নির্দেশ দেন।
আদালত সূত্র জানায়, শুনানিতে সিলেটের সরকারি আইনজীবী মিসবাহউদ্দিন সিরাজ ও হবিগঞ্জের জেলা দায়রা জজ আদালতের পিপি আকবর হোসেনের নেতৃত্বে সরকারপক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন। অন্যদিকে আসামিদের পক্ষে সাবেক পিপি এম নুরুল হক, নোমান মাহমুদ, আবদুল গাফফার, এমাদ উল্লাহ শহিদুল ইসলামসহ অর্ধশত আইনজীবী ছিলেন।
সরকারপক্ষের আইনজীবী মিসবাহউদ্দিন সিরাজ প্রথম আলোকে বলেন, ইতিপূর্বে নয়বার অভিযোগ গঠনের তারিখ পিছিয়েছিল। আজ (গতকাল রোববার) অভিযোগ গঠন করে ২১ সেপ্টেম্বর মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেছেন।
আসামি আরিফুলের আইনজীবী মো. লালা সাংবাদিকের বলেন, ‘আরিফুল হক গুরুতর অসুস্থ। আশা করছি, আদালত মানবিক দিক বিবেচনা করে তাঁকে বিদেশ পাঠানোর অনুমতি দেবেন।’
আদালত সূত্র জানায়, এর আগে চলতি বছরের ২১ জুন, ৬ জুলাই, ১৪ জুলাই, ২৩ জুলাই, ৩ আগস্ট, ১০ আগস্ট, ১৮ আগস্ট, ২৫ আগস্ট ও ৬ সেপ্টেম্বর এ মামলার অভিযোগ গঠনের তারিখ ছিল। কিন্তু আরিফুলের অসুস্থতার কারণে আদালতে উপস্থিত না করা এবং অন্য মামলায় লুৎফুজ্জামানকে আরেক আদালতে উপস্থিত করানোর ফলে অভিযোগ গঠন পিছিয়েছিল।