১০ বছর পর সম্মেলন, তাও স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ১০ বছর ধরে নওগাঁর মান্দা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে না। ২৭ নভেম্বর সম্মেলনের তারিখ নির্ধারণ করা হলেও তা স্থগিত করা হয়।
এদিকে উপজেলা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে ইউনিয়ন কমিটিগুলো নিজের পছন্দের লোক দিয়ে করার অভিযোগ উঠেছে।
উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, সম্মেলনের মাধ্যমে ২০০৫ সালে উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ কমিটি গঠন করা হয়। এ কমিটির মেয়াদকালে দুটি জাতীয় নির্বাচন ও বেশ কটি স্থানীয় সরকার নির্বাচন হয়। তবে দলীয় কোন্দলের জন্য সম্প্রতি উপজেলা নির্বাচনে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে জামায়াতের প্রার্থী নির্বাচিত হন। এমতাবস্থায় দলের শীর্ষপর্যায় থেকে উপজেলা আওয়ামী লীগকে গোছানোর নির্দেশ দেওয়া হয়। সে অনুয়ায়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সাংসদ মো. আবদুল মালেক অক্টোবরের শেষ সপ্তাহে মান্দা উপজেলা আওয়ামী লীগের এক সভায় ২৭ নভেম্বর সম্মেলনের তারিখ নির্ধারণ করেন। এ ঘোষণায় তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়। উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে আটটির সম্মেলন সম্পন্ন হয়। কিন্তু ১ নভেম্বর উপজেলা আওয়ামী লীগের এক সভায় ২৭ নভেম্বরের সম্মেলন স্থগিত করা হয়। এ ঘোষণায় দলীয় ত্যাগী নেতা-কর্মীদের মধ্যে হতাশা বিরাজ করছে।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আবদুল মান্নান জানান, নেতা-কর্মীদের দাবি, সমঝোতা না করে সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে ইউনিয়নের কমিটিগুলো গঠন করা হোক। তাঁর মতে, বর্তমান উপজেলা কমিটির শীর্ষ নেতারা ফের পদে থাকার জন্য ইউনিয়ন পর্যায়ে পকেট কমিটি গঠন করেছেন। এতে দলীয় কার্যক্রম আরও বিপর্যস্ত হয়ে পড়বে। তাঁর মতে, বর্তমান কমিটির কতিপয় নেতার দুর্নীতির কারণে সাধারণ কর্মীরা তাঁদের ওপর আস্থা ও বিশ্বাস হারিয়ে ফেলেছেন।
তবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার মো. জসিম উদ্দিন পকেট কমিটি গঠনের অভিযোগ অস্বীকার করে জানান, সব কাউন্সিলরের মতামতের ভিত্তিতেই কমিটি গঠন করা হয়েছে। ২৭ নভেম্বরের সম্মেলন স্থগিত করার বিষয়ে তিনি জানান, স্থানীয় সাংসদ ও মন্ত্রী ইমাজ উদ্দিন প্রামানিক দেশের বাইরে থাকায় ওই দিনের সম্মেলন স্থগিত করা হয়।