১০ বছর পূর্ণ করল র্যাব
১০ বছর পূর্ণ করল বাংলাদেশ পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল বুধবার সকালে রাজধানীর উত্তরায় র্যাব সদর দপ্তরে র্যাবের পতাকা উত্তোলনের মাধ্যমে দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন কার্যক্রমের সূচনা করেন র্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান।
২০০৪ সালের ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসের প্যারেডে অংশগ্রহণের মাধ্যমে র্যাবের যাত্রা শুরু হয়।
গতকাল সকাল আটটায় পতাকা উত্তোলনের পর সদর দপ্তরে র্যাব সদস্যদের উদ্দেশে মহাপরিচালকের বিশেষ দরবার অনুষ্ঠিত হয়। দরবারে মহাপরিচালক বলেন, র্যাব জনমনে আস্থার প্রতীক হিসেবে রয়েছে। ব্যক্তিগত স্বার্থ ও প্রতিহিংসার ঊর্ধ্বে থেকে সব র্যাব সদস্যকে অপরাধ ও সন্ত্রাস দমনের জন্য অর্পিত দায়িত্ব ঠিকমতো পালন করতে হবে। কোনো নিরপরাধ ব্যক্তি যেন কোনোভাবে হয়রানির শিকার বা ক্ষতিগ্রস্ত না হয় এবং মানবাধিকার যেন লঙ্ঘিত না হয়, সে বিষয়ে বিশেষভাবে সজাগ থাকার জন্য তিনি সব র্যাব সদস্যের প্রতি আহ্বান জানান।