১০ বছর বয়সী মেয়েদের পেছনে রেখে এসডিজি অর্জন সম্ভব নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) এক প্রতিবেদন বলছে, ১০ বছর বয়সী মেয়েদের পেছনে রেখে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জিত হবে না। প্রতিবেদনে তাদের জন্য আইনি সমতা নিশ্চিত করাসহ ১০টি পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়েছে।
ইউএনএফপিএর স্টেট অব ওয়ার্ল্ড পপুলেশন, ২০১৬ শীর্ষক বৈশ্বিক এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে গতকাল বৃহস্পতিবার। প্রতিবেদনের প্রচ্ছদে বাংলাদেশের কিশোরী অদিতিসহ বিভিন্ন দেশের ১০ কিশোরীর হাসিখুশি মুখের ছবি দেওয়া হয়েছে। প্রতিবেদনটি বলছে, ১০ বছর বয়সী মেয়েদের সম্ভাবনাকে কতটুকু কাজে লাগানো হয়েছে, তার ওপরই নির্ভর করছে একেকটি দেশের ভবিষ্যৎ।
১১২ পৃষ্ঠার প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ১০ বছর বয়সী মেয়ের সংখ্যা ১৫ লাখ ৬৪ হাজার। বিশ্বের ১০ বছর বয়সী মেয়েদের প্রায় অর্ধেকের বসবাস এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। বিশ্বের ১০ বছর বয়সী ৩ কোটি ২০ লাখ মেয়ে স্কুল থেকে ঝরে গেছে।
বাংলাদেশ সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে, বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময় ক্ষতিকর প্রথা হিসেবে মেয়েদের কম বয়সে বিয়ে দেওয়া হয়। গত বছরের হিউম্যান রাইটস ওয়াচের তথ্য উল্লেখ করে প্রতিবেদন বলা হয়, বাংলাদেশে প্রায় তিনজনের মধ্যে একজনের বিয়ে হচ্ছে ১৫ বছর বয়সের আগেই।
প্রতিবেদনটি বলছে, ১০ বছর বয়সে অনেক মেয়ের মাসিক শুরু হয়। এই বয়সে কেউ নিজের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে না। তাকে বিয়ে দেওয়া হবে, না স্কুলে পাঠানো হবে, তা নির্ভর করে পরিবারের ওপর। বিভিন্ন তথ্য-উপাত্ত অনুযায়ী, স্বাস্থ্যবান, শিক্ষিত মেয়েরা অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখে। নবজাতক ও মাতৃমৃত্যু কমাতে সহায়তা করে। ছোট ও শিক্ষিত পরিবার গঠন করতে পারে। ২০১৫ সালে যে মেয়েটির বয়স ১০ বছর, জাতিসংঘের এসডিজি অর্জনের বছর ২০৩০ সালে তাদের বয়স হবে ২৫ বছর। এই মেয়েদের পেছনে রেখে এ লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব নয়। তাই আগামী ১৫ বছর এই বয়সী মেয়েদের বেড়ে ওঠার বিষয়টিতে অভিভাবক, নীতিনির্ধারকসহ সবাইকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।
প্রতিবেদনে ১০ বছর বয়সী মেয়েদের জন্য ১০টি জরুরি পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে মেয়েশিশুদের জন্য আইনি সমতা ও সামঞ্জস্যপূর্ণ আইনের অনুশীলন, মেয়েদের জন্য ক্ষতিকর সব ধরনের প্রথা নিষিদ্ধ করা, মেয়েদের ন্যূনতম বয়স ১৮ বছর করার জন্য পদক্ষেপ নেওয়া, সেবা হিসেবে নিরাপদ ও গুণগত মানের শিক্ষা নিশ্চিত করা, তাদের সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, শারীরিক ও মানসিক স্বাস্থ্য দেখার জন্য ইনস্টিটিউট তৈরির পাশাপাশি তাদের বয়স অনুযায়ী সমন্বিত যৌনশিক্ষা দেওয়া, মেয়েরা যাতে পিছিয়ে না থাকে, সে জন্য নীতি তৈরি করা ইত্যাদি।
প্রতিবেদন প্রকাশ উপলক্ষে ইউএনএফপিএর বাংলাদেশ প্রতিনিধি আর্জেন্টিনা মাতাভেল পিচ্চিন গতকাল ইউএনএফপিএ কার্যালয়ে প্রথম আলোসহ কয়েকজন সাংবাদিকের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ১০ বছর বয়সী মেয়েদের পাশাপাশি একই বয়সী ছেলেদের দিকেও নজর দিতে হবে। তবে এখন পর্যন্ত অনেক পরিবার মেয়ের চেয়ে ছেলের পেছনে বেশি বিনিয়োগে আগ্রহী হয়। তাই পরিবার ও নীতিনির্ধারকেরা যাতে মেয়েদের বিষয়ে গুরুত্ব দেয়, সে জন্যই ১০ বছর বয়সী মেয়েদের বিষয়টি প্রতিবেদনে প্রাধান্য পেয়েছে।