১০ বছর বয়সে মুক্তিযোদ্ধা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র ১০ বছর বয়সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের সনদ নিয়ে বগুড়ার ধুনট উপজেলার এক ব্যক্তি মুক্তিযোদ্ধা কোটায় প্রধান শিক্ষক হিসেবে ২৪ বছর ধরে চাকরি করছেন। ধুনটের অলোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই প্রধান শিক্ষক বর্তমানে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার। তাঁর মুক্তিযোদ্ধার সনদ জাল বলে অভিযোগ এনে চারজন মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কাছ থেকে অবগত হয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মুক্তিযোদ্ধা হিসেবে ওই শিক্ষকের চাকরির বয়সসীমা বৃদ্ধির সুবিধা স্থগিত করেছে।গত ২৫ অক্টোবর মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যানের কাছে স্থানীয় মুক্তিযোদ্ধা মতিউর রহমান মতো, মহসিন আলম, মতিউর রহমান ও শামসুল হক লিখিত অভিযোগে জানান, উপজেলার গোয়ালভাগ গ্রামের মেহের বক্সের ছেলে শেখ জালাল উদ্দিন ১৯৬১ সালের ২ জানুয়ারি জন্মগ্রহণ করেন। সেই মোতাবেক এসএসসি পাসের সনদ এবং জাতীয় পরিচয়পত্রের হিসাব অনুযায়ী ১৯৭১ সালে তাঁর বয়স ছিল ১০ বছর। সরকারি গেজেট অনুযায়ী, ১৯৭১ সালে সর্বনিম্ন ১৫ বছর বয়সের তরুণ-তরুণীরা যুদ্ধে অংশ নিয়ে মুক্তিযোদ্ধার সনদ পেয়েছেন। অথচ জালাল উদ্দিন মুক্তিযুদ্ধে সম্মুখযোদ্ধা হিসেবে সনদ পেয়েছেন। ওই গেজেটে জালাল উদ্দিনের ক্রমিক নম্বর ১১৪৯। তিনি মুক্তিযোদ্ধার সনদ দিয়ে মুক্তিযোদ্ধা কোটায় ১৯৮৭ সালের ১৮ এপ্রিল রাঙামাটির কোরের মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন। আর ১৯৯৫ সালের ২৫ আগস্ট থেকে তিনি ধুনটের অলোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত। গত বছরের ২৬ জুন তিনি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নির্বাচিত হন।উপজেলার নিত্তিপোতা গ্রামের মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান মতো বলেন, একাত্তরে সাড়ে সাত কেজি ওজনের থ্রি নট থ্রি রাইফেল দিয়ে গুলি ছুড়তে হয়েছে, যা ১০ বছরের বালকের পক্ষে সম্ভব ছিল না। এ ছাড়া ওই সময় ১৫ বছরের কম বয়েসী কাউকে যুদ্ধের প্রশিক্ষণের সুযোগ দেওয়া হয়নি।উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও অলোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শেখ জালাল উদ্দিন জানান, তাঁর সনদপত্রের বিষয়ে ভেতরে কিছু বিষয় আছে। নিজেকে প্রকৃত মুক্তিযোদ্ধা দাবি করে তিনি বলেন, ‘আমার বয়স নিয়ে মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলরের কাছে অভিযোগ করায় জটিলতার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে কাউন্সিলরদের সঙ্গে কথা চলছে। কয়েক দিনের মধ্যেই সমস্যার সমাধান হবে।’ বগুড়া জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আমিনুল ইসলাম পিন্টু বলেন, ‘আমার জানামতে, ১৫ বছরের কম কোনো তরুণ মুক্তিযুদ্ধে সম্মুখযোদ্ধা হিসেবে সনদ পায়নি। জালাল উদ্দিন কীভাবে মুক্তিযোদ্ধার সনদ পেয়েছেন, তা আমার জানা নেই।’উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ‘এ বছরের ১১ জানুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে একটি চিঠি পেয়েছি। চিঠিতে মুক্তিযোদ্ধার কোটায় চাকরি পাওয়া শেখ জালাল উদ্দিনের বয়স নিয়ে সৃষ্ট জটিলতার কারণে পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত মুক্তিযোদ্ধা হিসেবে তাঁর চাকরির সময়সীমা বাড়ানোর সুবিধা স্থগিত করা হয়েছে।’