১০ বছরে একই রকম আদেশ সাত বার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু আইন ১৯৭৪ অনুযায়ী, নয় বছর বয়স পর্যন্ত শিশুরা অপরাধী নয়। আর ১৬ বছর বয়স পর্যন্ত শিশুদের বিচার করতে হবে পৃথক আদালতে। তবে এ দুটি বিষয় বারবার লঙ্ঘিত হচ্ছে। এ কারণে গত ১০ বছরে উচ্চ আদালত সাত বার স্বতঃপ্রণোদিত আদেশ (সুয়োমটো) জারি করেছেন। স্বতঃপ্রণোদিত আদেশগুলোতে বলা হয়েছে, শিশুরা অপরাধের সংস্পর্শে এলে প্রাপ্তবয়স্কদের সঙ্গে তাদের বিচারকাজ পরিচালনা করা যাবে না। এই শিশুদের থাকার নিরাপত্তা নিশ্চিত করতে একজন প্রবেশন কর্মকর্তা উপস্থিত থাকবেন। তিনি নিরাপদ হেফাজতে শিশুটিকে রাখা, প্রয়োজনে একেবারে গোপন আদালতে (যেখানে শিশুটির অপরিচিত কারও প্রবেশাধিকার থাকবে না) বিচারকাজ পরিচালনার বিষয়ে শিশুটির পরিবারের মতামত নেবেন। শিশু আইন অনুযায়ী, অপরাধের সঙ্গে সম্পৃক্ত শিশুকে আটকের পর থেকে তার আবাস, নিরাপত্তা ও শিশুবান্ধব পরিবেশে বিচার পরিচালনাসহ সব দায়িত্ব প্রবেশন কর্মকর্তা পালন করবেন। এমনকি চাইলে থানা থেকেই শিশুটির জামিনের ব্যবস্থাও করা যাবে। জানা যায়, ২০০১ সালে ধর্ষণের অভিযোগে যশোরে ১৪ বছরের শিশুকে আটক করে পুলিশ। ২০০৩ সালে সারা দেশে ৪০০ শিশু কারাগারে ছিল। ২০০৫ সালে ও ২০০৯ সালে সিলেটে ধর্ষণের শিকার শিশুর আবাস নির্ধারণে পরিবারের সম্মতি না নেওয়া, ২০০৮ সালে যশোরে মাদকসহ আট বছরের শিশুকে আটক ও কারাগারে পাঠানো, ২০০৯ সালে ধর্ষণ মামলায় ১৬ বছরের শিশুর মৃত্যুদণ্ডাদেশ, ২০১০ সালে কিশোরগঞ্জের ভৈরবে নয় বছরের কম বয়সী তিন শিশুকে আটক ও কারাগারে পাঠায় পুলিশ। এসব ঘটনায় আদালত স্বতঃপ্রণোদিত আদেশগুলো জারি করেন। জানা যায়, ২০০৩ সালে কারাগার ও আদালতে শিশুবান্ধব পরিবেশ তৈরির জন্য আদেশ দেওয়া হলেও ২০০৮ সালে এক শিশুকে নিরাপদ হেফাজতে না নেওয়ায় আবারও একই ধরনের আদেশ দেন উচ্চ আদালত। ২০০৯ সালে ধর্ষণের শিকার শিশুকে একাধিকবার আদালতে হাজির করা হলে উচ্চ আদালত আগের আদেশের সঙ্গে নতুন কয়েকটি দিকনির্দেশনা দেন। ২০০৩ ও ২০০৫ সালে স্বতঃপ্রণোদিত আদেশে শিশুদের কারাগারে না পাঠাতে বলা হয়। কিন্তু গত ফেব্রুয়ারি মাসে ভৈরবে আটক তিন শিশুকে কারাগারে পাঠানো হলে আবারও একই আদেশ দেন উচ্চ আদালত। আইনজীবীরা বলেছেন, এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে জন্য শিশু আইন এবং স্বতঃপ্রণোদিত আদেশগুলো সম্পর্কে সংশ্লিষ্ট ব্যক্তিদের জানানোর ব্যবস্থা করতে হবে। তাঁরা বিষয়গুলো জানলে ভবিষ্যতে এর পুনরাবৃত্তি এড়ানো যাবে। স্বতঃপ্রণোদিত আদেশের কয়েকটির প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত সুপ্রিম কোর্টের আইনজীবী ফাহিমা নাসরিন বলেন, ‘কোনো বিষয়ে সিদ্ধান্তে আসতে নিম্ন আদালত সাম্প্রতিক বা পুরোনো আদেশগুলো জানার চেষ্টা করলে এমন ঘটবে না।’ এ ব্যাপারে আইনজীবী শাহদীন মালিক বলেন, ‘শিশুদের অধিকার রক্ষায় শিশু আইন ১৯৭৪, শিশুনীতি ২০১০, জাতিসংঘ শিশু অধিকার সনদ থাকার পরও এ ধরনের ভুল করা ব্যক্তির শাস্তির বিধান থাকা উচিত।’