১০ বছরে জনসংখ্যা দ্বিগুণ, কমছে ফসলি জমি-বন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গত ১০ বছরে জনসংখ্যা বেড়েছে দ্বিগুণ। আর তাদের মাথা গোঁজার অবলম্বন হয়ে দাঁড়িয়েছে ফসলি জমি ও পাহাড়ি ভূমি। ফলে উজাড় হচ্ছে বনাঞ্চল, কমছে ফসলি জমি, নষ্ট হচ্ছে পরিবেশ। খাদ্যনিরাপত্তা গড়ে তোলার লক্ষ্যে কর্মরত বেসরকারি সংস্থা আরডিআরএসের রাঙ্গুনিয়া উপজেলা মাঠ সমন্বয়কারী তাজউদ্দিন জানান, উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রায় ৪৭টি বিল রয়েছে। এসব বিলে বহু ঘরবাড়ি গড়ে উঠেছে। বিলের যে স্থান দিয়ে সড়ক রয়েছে তার আশপাশে জনবসতি গড়ে তোলা হচ্ছে। ফলে প্রতিবছর ফসলি জমি হ্রাস পাচ্ছে, কমে যাচ্ছে ফসল উৎপাদন।রাঙ্গুনিয়া উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের তথ্যমতে, ২০১১ সালে আদমশুমারির গণনায় রাঙ্গুনিয়ায় প্রায় চার লাখ ৩০ হাজার মানুষের বাস। ২০০১ সালের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা ছিল দুই লাখ ১৮ হাজার ৩৭০ জন। মাত্র ১০ বছরে বেড়েছে প্রায় দ্বিগুণ। রাঙ্গুনিয়া উপজেলা কৃষি কর্মকর্তা আক্তারুজ্জামান জানান, শস্যভান্ডার খ্যাত গুমাইবিল হচ্ছে দেশের দ্বিতীয় বৃহত্তম বিল। এই বিলে রয়েছে প্রায় দুই হাজার হেক্টরেরও বেশি জমি। এ ছাড়া উত্তর রাজানগর ইউনিয়নের বগাবিল, রইস্যবিল, পদুয়া ও পোমরা ইউনিয়নে কয়েকটি বড় বিল রয়েছে। সব কয়টি বিলে প্রায় ১৮ হাজার ৭৫৫ হেক্টর আবাদযোগ্য জমি রয়েছে, যেখানে প্রতিবছর আউশ-আমন ও বোরো ধানের চাষ হয়। আর এই গুমাইবিলসহ সব কয়টি বিল এখন জনবসতির করাল গ্রাসে চলে যাচ্ছে।তিনি জানান, রাঙ্গুনিয়া উপজেলার সব কয়টি বিলে প্রায় ১৬ হাজার ৩০০ হেক্টর জমিতে আমন, আট হাজার ৪১০ হেক্টর জমিতে বোরো ও ৫০ হেক্টর জমিতে আউশ ধানের চাষ হচ্ছে এখন। অথচ ২০০০ সালে এসব বিলের প্রায় ১৮ হাজার ৯০০ হেক্টর জমিতে আমন নয় হাজার ২০০ হেক্টর জমিতে বোরো এবং ৩০০ হেক্টর জমিতে আউশ ধানের চাষ হতো। গত ১০ বছরে প্রায় দুই হাজার ৬০০ হেক্টর ফসলি জমি জনবসতির করাল গ্রাসে চলে গেছে। এ অবস্থা অব্যাহত থাকলে আগামী এক যুগেরও কম সময়ে গুমাইবিলের প্রায় অর্ধেক এবং অন্যান্য বিলের প্রায় আরও দুই হাজার হেক্টর ফসলি জমি জনবসতির করাল গ্রাসে চলে যাবে।চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক কৃষ্ণপদ সাহা জানান, পৌরসভা ছাড়া উপজেলার প্রত্যন্ত এলাকায় অবস্থিত পাহাড়গুলো সংরক্ষিত বনাঞ্চলের আওতায়, যেখানে প্রায় ২০ হাজারেরও বেশি অবৈধ জনবসতি রয়েছে। তাদের কারণে বনাঞ্চলের গাছপালা উজাড় হয়ে গেছে বহু আগে। এখন পাহাড় কাটার ধ্বংসযজ্ঞও চলছে। জনসংখ্যা বৃদ্ধির কারণেই এ অবস্থার সৃষ্টির হয়েছে বলে জানান তিনি। এলাকাবাসী জানান, জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে বাড়ছে আবাসনসংকট, যা পুঁজি করে একশ্রেণীর প্রভাবশালী কৃষকের ফাঁদে ফেলে চড়া মূল্যে বিলের জমি ক্রয় করে জনবসতি গড়ে তুলছে। এ ছাড়া অনেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া বিলের জমি ভরাট করেও ঘরবাড়ি তুলছে।