১০ বছরে ডায়াবেটিক রোগী বেড়েছে পাঁচ গুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে ডায়াবেটিক রোগীর সংখ্যা এখন ৫ লাখের ওপরে। ১০ বছরে ডায়াবেটিক রোগীর সংখ্যা পাঁচ গুণ বেড়েছে। প্রতিদিন প্রায় ৯০-১০০ জন নতুন ডায়াবেটিক রোগী হিসেবে নিবন্ধন নিচ্ছেন।
গতকাল মঙ্গলবার শাহবাগে বারডেম হাসপাতালের অডিটোরিয়ামে এক স্মরণসভায় এই তথ্য জানান বারডেমের মহাপরিচালক নাজমুন নাহার। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিমের ২৭তম মৃত্যুবার্ষিকী ও ডায়াবেটিক সেবা দিবস উপলক্ষে এই স্মরণসভা আয়োজন করা হয়।
অধ্যাপক নাজমুন নাহার বলেন, প্রতিদিন প্রায় ৯০-১০০ জন মানুষ ডায়াবেটিক রোগী হিসেবে বারডেম হাসপাতালে নিবন্ধিত হন। বারডেম হাসপাতালটি ডায়াবেটিস হাসপাতালে পরিণত হয়েছে।
স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, ডা. ইব্রাহিম আর্তমানবতার সেবায় নিঃস্বার্থভাবে বিলিয়ে দিয়েছেন নিজেকে। তাঁর সব কাজ ও আদর্শ তরুণ প্রজন্মকে উজ্জীবিত করবে। সভাপতির বক্তব্যে সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খান বলেন, মানুষকে সেবা দেওয়ার জন্য তাঁর অনুভূতিতে কোনো কৃত্রিমতা ছিল না।
স্মরণসভায় জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিমের স্মৃতিচারণা করেন কে এম ফরিদউদ্দিন ও পান্না কায়সার। অনুষ্ঠান শেষে ‘ডা. মোহাম্মদ ইব্রাহিমের জীবন ও আদর্শ’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় চারজন বিজয়ীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
দিবসটি উপলক্ষে ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট ‘ফ্রি হার্ট ক্যাম্প’ ও রাজধানীর বিভিন্ন এলাকায় সারা দিন বিনা মূল্যে ডায়াবেটিস নির্ণয়ের ব্যবস্থা করে।