বার কাউন্সিলে আইনজীবীদের তালিকাভুক্তি (এনরোলমেন্ট) করার জন্য কমিটি গঠনের বিধিতে গত ১০ বছরে তিন দফা সংশোধন আনা হয়েছে। বর্তমান বার কাউন্সিলে নেতৃত্বে থাকা বিএনপি-সমর্থক আইনজীবীরা বলছেন, সরকার নির্বাচিত প্রতিনিধিদের ক্ষমতা খর্ব করতে যাচ্ছে। তবে আইনমন্ত্রী শফিক আহমেদের মত, আইন পেশায় মেধাবী ও যোগ্য ব্যক্তিদের সুযোগ দিতে এই সংশোধনী।গত ১৫ অক্টোবর বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০১২ সংশোধনের প্রস্তাব অনুমোদন করে মন্ত্রিসভা। আর গত ২১ অক্টোবর তা রাষ্ট্রপতির অধ্যাদেশ হিসেবে জারি হয়।সংশোধিত আইনে পাঁচ সদস্যের এনরোলমেন্ট কমিটি গঠনের কথা বলা হয়েছে। কমিটির চেয়ারম্যান হবেন প্রধান বিচারপতি মনোনীত আপিল বিভাগের একজন বিচারপতি। এ ছাড়া প্রধান বিচারপতি মনোনীত হাইকোর্টের দুজন বিচারপতি, অ্যাটর্নি জেনারেল এবং বার কাউন্সিল নির্বাচিত এর একজন সদস্য থাকবেন।বার কাউন্সিল-সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এনরোলমেন্ট কমিটির মাধ্যমে আইনজীবী পেশার সনদ দেওয়া হয়। ১৯৭২ সালের পর থেকে ২০০৩ সাল পর্যন্ত নির্বাচিত তিন সদস্যের সমন্বয়ে গঠিত কমিটি কাজ করে আসছিল।২০০৩ সালে বিএনপি-জামায়াত চারদলীয় জোট সরকারের আমলে এনরোলমেন্ট কমিটির সদস্যসংখ্যা পাঁচজন করা হয়। প্রধান বিচারপতি মনোনীত আপিল বিভাগের একজন এবং হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি, অ্যাটর্নি জেনারেল ও নির্বাচিত দুজন সদস্যের সমন্বয়ে এই কমিটি ছিল। এই সময়ে আওয়ামী লীগপন্থী আইনজীবীরা বার কাউন্সিলের নেতৃত্বে ছিলেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ২০১১ সালের ২২ জুন সংশ্লিষ্ট অনুচ্ছেদে সংশোধনী এনে তিন সদস্যের এনরোলমেন্ট কমিটিতে ফিরে যায়। দ্বিতীয় দফা সংশোধন প্রস্তাবের পরপরই আইনমন্ত্রী প্রথম আলোকে বলেন, বেশিসংখ্যক বিচারপতি কমিটিতে থাকলে আইনজীবীদের দক্ষতা, যোগ্যতা ও মেধা যাচাই সুচারু হবে। ফলে মানসম্পন্ন ব্যক্তিরাই সঠিক অর্থে আইন পেশায় নিযুক্ত হতে পারবেন। অতীতেও কমিটিতে বিচারপতিরা ছিলেন। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ক্ষমতা খর্বের কী আছে? এ ব্যাপারে বার কাউন্সিলের সদস্য মাহবুব উদ্দিন খোকন প্রথম আলোকে বলেন, ২০০৩ সালের সংশোধনীতে দুজন বিচারপতির পাশাপাশি দুজন নির্বাচিত প্রতিনিধিও ছিলেন। কিন্তু এখন একজন নির্বাচিত প্রতিনিধি রাখা হচ্ছে। এই সংশোধনীর মাধ্যমে এনরোলমেন্ট স্বচ্ছতা নিয়ে অতীতে যে প্রশ্ন ছিল, তা আবার উঠতে পারে। তিনি অভিযোগ করেন, এবারের নির্বাচনে বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থীরা সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হওয়ায় এই সংশোধনী আনা হয়েছে।যোগাযোগ করা হলে আইনজীবী ড. এম জহির প্রথম আলোকে বলেন, ‘১৯৬২ সালে আমি এনরোলমেন্ট হয়েছিলাম। তখন এনরোলমেন্ট কমিটিতে দুজন বিচারপতি ছিলেন। নির্বাচিত কোনো সদস্য ছিল না। আমাদের সময়ে যেটা ছিল, সেটাই ফিরে এসেছে। এটা নিয়ে খুব বেশি হট্টগোল করার কিছু নেই।’সংশ্লিষ্ট সূত্র জানায়, আইনজীবী হিসেবে তালিকাভুক্তির সংখ্যা বাড়ছে। অধস্তন আদালতে আইনজীবী হিসেবে ২০০৯ সালের ৮ ডিসেম্বর তালিকাভুক্ত হন দুই হাজার ৬২ জন। ২০১০ সালের ১৫ ডিসেম্বর সংখ্যা দাঁড়ায় দুই হাজার ৭২৪ জন। সর্বশেষ এ বছরের এপ্রিলে উত্তীর্ণ হন তিন হাজার আটজন।