১০ বছরে দেশে এইচআইভির সংক্রমণ ২৫ শতাংশ বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের এইচআইভির প্রাদুর্ভাব বেশি এমন ২৫টি দেশে গত ১০ বছরে নতুন সংক্রমণ ৫০ শতাংশ কমেছে। ১৪টি দেশে সংক্রমণের হার ২৬ থেকে ৪৯ শতাংশ কমেছে। ১২টি দেশে অবস্থা অপরিবর্তিত আছে। কিন্তু যে নয়টি দেশে সংক্রমণ ২৫ শতাংশের বেশি বেড়েছে বাংলাদেশ তার একটি। তবে দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তারা বাংলাদেশসংক্রান্ত এ তথ্য প্রত্যাখ্যান করেছেন। জাতিসংঘের এইচআইভি ও এইডস-বিষয়ক সংস্থা ইউএনএইডস এই তথ্য প্রকাশ করেছে। ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবসের প্রাক্কালে সংস্থাটি বার্ষিক প্রতিবেদন ওয়েবসাইটে দিয়েছে। ২৫ শতাংশের বেশি সংক্রমণ বৃদ্ধি পাওয়া অন্য দেশগুলো হচ্ছে: জর্জিয়া, গিনি-বিসাও, ইন্দোনেশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, ফিলিপাইন, মালদোভা প্রজাতন্ত্র ও শ্রীলঙ্কা। প্রতিবেদনে ২০০১ থেকে ২০১১ সাল এই ১০ বছরের নতুন সংক্রমণের তুলনা করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে ২০১১ সালে বিশ্বে নতুন সংক্রমণ হয়েছিল ২৫ লাখ। এই সংখ্যা ২০০১ সালের তুলনায় ২০ শতাংশ কম। বলা হচ্ছে, এখনো এইচআইভি বিশ্বের অন্যতম প্রধান স্বাস্থ্য সমস্যা। তবে গত এক দশকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। বাংলাদেশের বিষয়ে জানতে চাইলে জাতীয় এইডস/এসটিডি কর্মসূচির লাইন ডাইরেক্টর মো. আবদুল ওয়াহাব ইউএনএইডেসের তথ্য প্রত্যাখ্যান করে বলেন, বাংলাদেশের পরিস্থিতি অনেক ভালো।তবে সংশ্লিষ্ট বিষয়ে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, বাংলাদেশে এইচআইভি সংক্রমিত মানুষের সংখ্যা কম। তাই ১০ বছরে সংক্রমণ ২৫ শতাংশ বাড়লেও সংখ্যাটি খুব বড় হবে না। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আবার সন্তুষ্ট হওয়ারও কিছু নেই। ইউএনএইডস বলছে, ১৮৬টি দেশের ১৫ থেকে ৪৯ বছর বয়সী মানুষের তথ্য নিয়ে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। এর মধ্যে ৯৬ শতাংশ দেশ জাতিসংঘের সদস্য রাষ্ট্র। প্রতিবেদন বলছে, ২০১১ সালে এইডস-সংশ্লিষ্ট কারণে বিশ্বে ১৭ লাখ মানুষের মৃত্যু হয়। ২০০৫ সালে এই সংখ্যা ছিল ২৩ লাখ। অর্থাৎ এইডস-সংশ্লিষ্ট কারণে মানুষের মৃত্যু ২৪ শতাংশ কমেছে। তবে সব দেশ বা অঞ্চলে সমানভাবে মৃত্যু কমেনি। ৬৯টি দেশে মৃত্যু কমেনি বা কমলেও তা ২৫ শতাংশের নিচে। এই তালিকার মধ্যে বাংলাদেশ আছে। ১৪টি দেশে ২০০৫ থেকে ২০১১ সালের মধ্যে মৃত্যু ৫০ শতাংশ কমেছে। শিরায় মাদক ব্যবহারকারীদের মধ্যে এইচআইভি সংক্রমণের হার অনেক বেশি। শিরায় মাদক ব্যবহারকারীদের মধ্যে সিরিঞ্জ বিতরণ ভালো ফল দিয়েছে—এমন শীর্ষ নয়টি দেশের একটি তালিকা দেওয়া হয়েছে প্রতিবেদনে। সেই তালিকায় বাংলাদেশের নামও রয়েছে। অন্য দেশগুলো হচ্ছে, অস্ট্রেলিয়া, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, নিউজিল্যান্ড, চেক প্রজাতন্ত্র, মাদাগাস্কার ও মালটা। তবে বাংলাদেশে যারা শিরায় মাদক নেয় তাদের ২৫ শতাংশেরও এখনো এইচআইভি সংক্রমণ পরীক্ষা করা হয়নি।