১০ বছরে দেশে ফিস্টুলা রোগী দ্বিগুণ হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে জাতীয় পর্যায়ে ফিস্টুলা বিষয়ে কোনো জরিপ চালানো হয়নি। তবে ফিস্টুলা নিয়ে কর্মরতরা বলছেন, গত ১০ বছরে দেশে ফিস্টুলা রোগী দ্বিগুণ হয়েছে। ফিস্টুলা প্রতিরোধ না করে শুধু চিকিৎসা দিয়ে এ জটিলতা দূর করা সম্ভব হবে না। এনজেন্ডারহেলথ-এর করা ২০০৩ সালের একটি জরিপমতে, প্রতি হাজার বিবাহিত নারীর বিপরীতে বাংলাদেশে ফিস্টুলা-আক্রান্ত নারীর সংখ্যা ছিল ১ দশমিক ৬৯ জন। অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, যেসব দেশে দক্ষ ব্যক্তির সহায়তা ছাড়া বাড়িতে ৫০ শতাংশের বেশি সন্তান প্রসব হয় এবং জনসংখ্যার ঘনত্ব বেশি, সেসব দেশে বছরে দুই হাজার নারী নতুন করে ফিস্টুলায় আক্রান্ত হন। এ হিসাবে বাংলাদেশে প্রতিবছর দুই হাজার ফিস্টুলা রোগী বাড়ছে। তবে নারীরা লজ্জা পান এবং গোপন রাখেন বলে ফিস্টুলার সঠিক পরিসংখ্যান জানা কঠিন। আজ ২৩ মে বৃহস্পতিবার প্রথমবারের মতো পালিত হচ্ছে আন্তর্জাতিক ফিস্টুলা নিরসন দিবস। বিশ্বব্যাপী ইউএনএফপিএর কর্মসূচি ‘ক্যাম্পেইন টু এন্ড ফিস্টুলা’র আওতায় এ দিবস পালিত হচ্ছে। আজ সরকারি ছুটি থাকায় বাংলাদেশে সরকারিভাবে ২৫ মে দিবসটি পালন করা হবে।চিকিৎসকদের মতে, প্রসব ব্যথা ১২ ঘণ্টার বেশি স্থায়ী হলে বা বিলম্বিত প্রসবের সময় সন্তানের মাথা জরায়ুর মুখে আটকে থাকার ফলে মূত্রথলি ও পায়ুপথ চাপের মধ্যে থাকে। চাপে থাকার ফলে এসব জায়গায় রক্ত চলাচলে সমস্যার সৃষ্টি হয় এবং পচন ধরে। কয়েক দিনের মধ্যে সেখানে ফুটো তৈরি হয়। মূত্রথলি ও যোনিপথের মধ্যে অস্বাভাবিক সংযোগ হলে তাকে ভেসিকোভ্যাজিনাল ফিস্টুলা (ভিভিএফ) এবং পায়ুপথ ও যোনিপথের মধ্যে সংযোগ হলে তাকে রেকটোভ্যাজাইনাল ফিস্টুলা (আরভিএফ) বলা হয়।বর্তমানে ইউএনএফপিএর সহায়তায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জাতীয় ফিস্টুলা সেন্টারসহ দেশের ১০টি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে বিনা মূল্যে ফিস্টুলা রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ইউএসএআইডির সহায়তায় ঢাকা এবং যশোরের আদ-দ্বীন হাসপাতালে, টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতালে এবং দিনাজপুরের পার্বতীপুরে ল্যাম্ব হাসপাতালে এনজেন্ডারহেলথ্ ফিস্টুলা রোগীদের চিকিৎসা সহায়তা দিচ্ছে। ঢাকায় এই রোগীদের জন্য একটি পুনর্বাসন কেন্দ্রও পরিচালিত হচ্ছে।ফাতেমা ও অন্যদের গল্প: ফাতেমার সঙ্গে কথা হলো নগরের ১৮/২ বকশী বাজারে প্রসবজনিত ফিস্টুলা রোগী চিকিৎসা, আরোগ্য ও পুনর্বাসন প্রকল্পের কার্যালয়ে। ফাতেমার বিয়ে হয়েছিল ১২ বছর বয়সে। বিয়ের পর প্রথম সন্তানের জন্মের পর থেকে তাঁর বেগ ছাড়াই অনবরত প্রস্রাব ঝড়ছে। তাঁর বয়স বর্তমানে ২৬ বছর। ফাতেমা গত ১২ বা তারও বেশি বছর ধরে ফিস্টুলা সমস্যায় ভুগছেন। স্বামীর সঙ্গে শারীরিক সম্পর্ক করতে না পারা, অনবরত প্রস্রাব ঝরা, যৌতুকের টাকা দিতে না পারা, বংশধর না দিতে পারার অপরাধে ফাতেমাকে স্বামী তালাক দেন। ফাতেমা এখন সমাজচ্যুত।পুনর্বাসন কেন্দ্রটিতে ফাতেমা ছাড়াও কথা হয় আরও ১৩ জন নারীর সঙ্গে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে তাঁরা এসেছেন। তবে তাঁদের সবার জীবনকাহিনিই ফাতেমার মতো। স্বাস্থ্য অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে ইউএনএফপিএর সহায়তায় পরিচালিত প্রকল্পের আওতায় এ পুনর্বাসন কেন্দ্রে ২৮ জন নারীর থাকার ব্যবস্থা আছে। কেন্দ্রের ভেতরেই বেকারি, সেলাই, রান্না, সবজির বাগান তৈরি, হাঁস মুরগি পালনসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নেওয়ার ব্যবস্থা আছে। প্রশিক্ষণ পেয়ে একসময়ে সমাজচ্যুত এই নারীরা এখন অনেকটাই আত্মবিশ্বাসী।