১০ বছরে বিএসএফের হাতে ৬৭১ বাংলাদেশি নিহত
গত ১০ বছরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ভারতীয় ভূখণ্ডে মোট ৬৭১ জন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এর মধ্যে ৪০০ জন নিহত হয়েছেন বিগত চারদলীয় জোটের শাসনামলে, যার ১০৭ জনই মারা গেছেন ২০০৬ সালে।ওই সব হত্যাকাণ্ডের বিষয়ে চারদলীয় জোট সরকার কার্যকর প্রতিবাদ করেনি। বর্তমান সরকারের আমলে সীমান্তে বিএসএফের গুলিতে হত্যাকাণ্ডের ঘটনা অনেক কমেছে।গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘উত্তরাধিকার ৭১’ আয়োজিত ‘মুক্তিযুদ্ধের চেতনা ও আমাদের সীমান্ত নিরাপত্তা’ শীর্ষক এক মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়। সভায় বিষয়টি সম্পর্কে নিজস্ব অনুসন্ধানের ফলাফল-সংবলিত মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সভাপতি আজমল হোসেন।বাংলাদেশের রাজনৈতিক ঘটনা বিশ্লেষণ করে লিখিত প্রতিবেদনে আরও জানানো হয়, সম্প্রতি সীমান্তে ‘ফেলানী’ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বিএনপি রাজনৈতিক বাতাস ভারী করার চেষ্টা করেছে। কিন্তু এটি যে তাদেরই অপশাসনের জের, তা তারা ভুলে গেছে। বাংলাদেশ-ভারতের পারস্পরিক নিরাপত্তাবিষয়ক স্বার্থকে বিএনপি সব সময় উদ্দেশ্যমূলকভাবে এবং সংকীর্ণ দৃষ্টিকোণ থেকে দেখেছে। তাই সে সময় দেশ হুজি, জেএমবি, লস্কর-ই-তাইয়েবা, জইশে মুহাম্মদ, উলফা, এনডিএফবিসহ বিভিন্ন জঙ্গি গ্রুপের অভয়ারণ্যে পরিণত হয়েছিল। বিএনপি সরকার জঙ্গি তোষণনীতি বজায় রাখায় দুই দেশের নিরাপত্তা পরিস্থিতি জটিল হয়ে সীমান্ত এলাকায় সংকট বেড়েছে।প্রবীণ রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্য বলেন, মুক্তিযুদ্ধের অন্যতম অঙ্গীকার অর্থনৈতিক ও সামাজিক মুক্তি এবং আজকের বাস্তবতায় অর্থনৈতিক মুক্তি অর্জনে কাছে-দূরের দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ কে আজাদ চৌধুরী বলেন, সীমান্তে বাংলাদেশি নাগরিকের মৃত্যুর ঘটনা অবশ্যই উদ্বেগের কারণ। কিন্তু বিষয়টি নিয়ে রাজনৈতিক পরিস্থিতি ঘোলা করে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা ঠিক নয়। সাংবাদিক শাহীন রেজা নূর বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে বিভ্রান্তি ছড়াতে প্রতিবেশীদের বিরুদ্ধে উসকানিমূলক উক্তি বা বক্তব্য ছড়াচ্ছে স্বাধীনতাবিরোধী চক্র।সভায় আরও বক্তব্য দেন অধ্যাপক মমতাজউদ্দিন পাটোয়ারী, অধ্যাপক শাহ আলম, ওয়ালিউর রহমান, মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের চেয়ারম্যান আবীর আহাদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক শাহাদাৎ হোসেন, মানবাধিকার নেতা এ এস এম বদরুদ্দোজা প্রমুখ।