১০ বছরে ভিত্তিপ্রস্তরেই রয়ে গেল স্মৃতিস্তম্ভ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদ চত্বরে ১০ বছর আগে স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। অর্থ বরাদ্দ না থাকায় সেই স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ আজও শেষ হয়নি। এ কারণে স্থানীয় মুক্তিযোদ্ধারা ক্ষোভ প্রকাশ করেছেন।এলাকাবাসী সূত্রে জানা গেছে, অনেক আগেই মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে ও তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতিস্তম্ভটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ২০০১ সালে স্থানীয় মুক্তিযোদ্ধাদের মতামতের ভিত্তিতে উপজেলা পরিষদ চত্বরের প্রধান ফটক এলাকায় স্থান নির্বাচন করা হয়। ওই বছরের ১ আগস্ট তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিক উদ্দিন আনুষ্ঠানিকভাবে স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কিন্তু এর পরে আর কাজের কোনো অগ্রগতি হয়নি।স্থানীয় মুক্তিযোদ্ধারা জানান, ইউএনওর তহবিল থেকে স্মৃতিস্তম্ভটি নির্মাণের কথা ছিল। কিন্তু বিষয়টি নিয়ে কোনো ইউএনওই আন্তরিক ছিলেন না। তাঁদের অবহেলার কারণেই এখনো স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হয়নি।উপজেলার বেরুয়ান গ্রামের মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম বলেন, উপজেলা পরিষদ থেকে বহু কাজেই অর্থ বরাদ্দ হয়। কিন্তু মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ তৈরির জন্য বরাদ্দ হয় না। এটা মুক্তিযোদ্ধা ও উপজেলাবাসীর জন্য লজ্জার বিষয়।উপজেলার মাছপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় এই উপজেলার অনেকে শহীদ হয়েছেন। কিন্তু তাঁদের স্মরণে একটি স্মৃতিস্তম্ভ না থাকাটা কষ্টের। আমরা অবিলম্বে স্মৃতিস্তম্ভটি নির্মাণের দাবি জানাই।’মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল আটঘরিয়া উপজেলা শাখার কমান্ডার জহুরুল ইসলাম বলেন, ভিত্তিপ্রস্তরটি স্থাপনের পর থেকে যাঁরা এখানে ইউএনও হিসেবে যোগ দিয়েছেন, তাঁদের সবাইকে বিষয়টি জানানো হয়েছে। কিন্তু কোনো ইউএনওই স্মৃতিস্তম্ভ নির্মাণে অর্থ বরাদ্দ দেননি।বর্তমান ইউএনও সৈয়দ রবিউল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বরাদ্দ না থাকায় স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ শেষ করা সম্ভব হয়নি। তবে বরাদ্দের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’