আগামী ১০ বছরে দেশে ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা এক কোটি ছাড়িয়ে যাবে। ডায়াবেটিসের চিকিৎসা ব্যয়বহুল। তাই এই রোগ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ না নিলে বিশাল এক অর্থনৈতিক চাপের মধ্যে পড়বে দেশ। গতকাল সোমবার বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি এই আশঙ্কা প্রকাশ করেছে।বারডেম হাসপাতালে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি এ কে আযাদ খান বলেন, বাংলাদেশে বর্তমানে ৬০ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। পৃথিবীর বৃহত্তম সংগঠন হওয়া সত্ত্বেও বারডেম মাত্র ২৫ শতাংশ রোগীকে বিনা মূল্যে চিকিৎসা দিতে পারছে। সংগঠনের মোট খরচের ৩৩ শতাংশ এই খাতে ব্যয় হয়। তিনি বলেন, একটু সচেতন হলেই ডায়াবেটিস ৭০ শতাংশ ক্ষেত্রে রোধ করা সম্ভব।সংবাদ সম্মেলনের আয়োজকেরা বলেন, স্বাস্থ্যশিক্ষাই ডায়াবেটিসের প্রধান চিকিৎসা। শিক্ষা পেলে রোগী চিকিৎসকের ওপর নির্ভরশীল না থেকেই এ রোগ নিয়ন্ত্রণে রাখতে পারে। তাঁরা বলেন, নগরায়ণ ও জীবনযাপন পদ্ধতির কারণে ডায়াবেটিস বেড়ে যাচ্ছে। কায়িক পরিশ্রম না করা, ওজন নিয়ন্ত্রণে না রাখা, স্থূলকায় হয়ে যাওয়া, অতিমাত্রায় ফাস্টফুড ও কোমল পানীয় পান করা, ধূমপান করা প্রভৃতি কারণে মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে।বিশ্ব ডায়াবেটিস দিবস: আজ ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। এবারের প্রতিপাদ্য ‘আসুন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিই, এখনই’। দিনটি উপলক্ষে সচেতনতামূলক পোস্টার, প্রচারপত্র বিতরণ ছাড়াও আজ সকাল সাড়ে সাতটায় মানিক মিয়া এভিনিউয়ে শোভাযাত্রার আয়োজন করেছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি। এ ছাড়া সকাল আটটা থেকে বেলা ১১টা পর্যন্ত সমিতি বারডেম এবং এর সহযোগী সংগঠনগুলো রাজধানীর বিভিন্ন এলাকায় বিনা মূল্যে ডায়াবেটিস নির্ণয় করবে। এ ছাড়া বারডেম মিলনায়তনে বেলা ১১টায় চিকিৎসক ও রোগীদের মধ্যে মতবিনিময় ও বেলা একটায় আলোচনা সভার আয়োজন করেছে।