চাঁদপুরের মতলব উত্তর উপজেলার শিক্ষা কার্যালয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তার (টিইও) পদে গত ১০ বছরে ১৮ জন দায়িত্ব পালন করেছেন।
তাঁদের মধ্যে ১৫ বারই ভারপ্রাপ্তের দায়িত্বে ছিলেন ১২ জন। এতে কার্যালয়ের দাপ্তরিক ও প্রশাসনিক কাজে অচলাবস্থা বিরাজ করছে। ভোগান্তি পোহাচ্ছেন শিক্ষকেরা।
উপজেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, এখানে মোট বিদ্যালয় ১৭৩টি, শিক্ষক ৮০০। ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত টিইও পদে ১৮ বার পালাবদল হয়েছে। এর মধ্যে ১৫ বার দায়িত্ব পালন করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা।
উপজেলা শিক্ষা কর্মকর্তার পদে ২০০৪ সালের ১ জুলাই ভারপ্রাপ্ত হিসেবে যোগ দেন আবদুর রশিদ সরকার। এ পদে সর্বশেষ অন্তর্ভুক্তি সিরাজুল ইসলাম। তিনি গত ২৬ আগস্ট যোগ দেন। উল্লিখিত দুজন ছাড়াও ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করেছেন আরও ১০ জন। একাধিকবার ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের মধ্যে আছেন আজিমেল কদর ও রবিউল ইসলাম। আজিমেল দুবার ও রবিউল তিনবার দায়িত্বে ছিলেন।
এ ছাড়া পূর্ণ শিক্ষা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনজন। এর মধ্যে এন এম মাহবুব আলম ২০০৫ সালের ১৬ জানুয়ারি থেকে ২০০৮ সালের ২৭ জানুয়ারি; মনিরুল হক ২০১১ সালের ২৭ এপ্রিল থেকে ২০১২ সালের ১৮ মার্চ এবং শামীম আহম্মেদ ২০১২ সালের ৬ সেপ্টেম্বর থেকে ওই বছরের ৪ অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করেন।
সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা (এটিইও) মোজাম্মেল হক বলেন, ‘অফিসের প্রধান পদ ভারপ্রাপ্ত লোক দিয়ে চলে না। ফাইলপত্র আটকে থাকে। কাজে গতি থাকছে না। উপজেলার পুরো শিক্ষা কার্যক্রমেই এর প্রভাব পড়ছে।’
চাঁদপুর সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (এডিইপিও) হুমায়ুন কবির বলেন, ‘উপজেলাটির যোগাযোগব্যবস্থা খারাপ হওয়ায় ওখানে কেউ বেশি দিন থাকতে চান না। এ জন্যই ভারপ্রাপ্তের সংখ্যা এত বেশি। তবে পূর্ণ দায়িত্বের কর্মকর্তা দেওয়ার চেষ্টা চলছে ওখানে।’