১০ বছরে ২০ হাজার ৪৭৩ মেগাওয়াট বিদ্যুৎ
আগামী ১০ বছরের মধ্যে দেশে সর্বমোট ২০ হাজার ৪৭৩ মেগাওয়াট নতুন বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য পুনর্নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে চলতি বছর ৩৯০ মেগাওয়াট ‘কুইক রেন্টাল’সহ মোট এক হাজার ১৮২ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার কথা।বর্তমান সরকারের প্রণীত প্রথম পরিকল্পনায় ২০১৫ সালের মধ্যে মোট নয় হাজার ৪২৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়। তারপর এর সঙ্গে যুক্ত হয় এক হাজার ২৪৭ মেগাওয়াট ক্ষমতার কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র। সর্বশেষ, দীর্ঘমেয়াদি পরিকল্পনায় ২০১৫ থেকে ২০২০ সাল মেয়াদে আরও নয় হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। সংশ্লিষ্ট সরকারি সূত্রে জানা গেছে, ২০১৫-২০ সাল মেয়াদে যেসব বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে, তার মধ্যে পাবনার রূপপুরে পরমাণু বিদ্যুৎকেন্দ্র হবে দুটি—প্রতিটি এক হাজার করে মোট দুই হাজার মেগাওয়াট ক্ষমতার। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র হবে ছয়টি—প্রতিটি ৮০০ মেগাওয়াট করে মোট চার হাজার ৮০০ মেগাওয়াট। মেঘনাঘাট, ঘোড়াশাল ও শরীয়তপুরে পদ্মাপারের জাজিরায় গ্যাস অথবা এলএনজিচালিত বিদ্যুৎকেন্দ্র হবে চারটি—প্রতিটি ৭৫০ মেগাওয়াট করে মোট তিন হাজার মেগাওয়াট। আগে প্রণীত পরিকল্পনায় চলতি বছরের এপ্রিল মাস থেকে ২০১৫ সালের মধ্যে মোট নয় হাজার ৪২৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা চূড়ান্ত করে বাস্তবায়নের কাজ শুরু করা হয়েছে। একই সঙ্গে কুইক রেন্টাল কেন্দ্রের এক হাজার ২৪৭ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্র স্থাপনের কাজও চলেছে। সরকারি এই পরিকল্পনার বিষয়ে জানতে চাইলে পিডিবির চেয়ারম্যান এ এস এম আলমগীর কবির প্রথম আলোকে বলেন, পরিস্থিতি অনুযায়ী সব সময়ই পরিকল্পনায় নতুন নতুন বিষয় যুক্ত হতে পারে। একদিকে পরিকল্পনা বাস্তবায়িত হবে, নতুন পরিস্থিতি সৃষ্টি হবে। সেই অনুযায়ী নতুন নতুন প্রকল্প পরিকল্পনায় যুক্ত হবে। বিদ্যুৎ খাতকে এগিয়ে নিতে এভাবেই চলা দরকার।চলতি বছর ১১৮২: সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী ডিসেম্বর মাসের মধ্যে মোট এক হাজার ১৮২ মেগাওয়াট নতুন বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার কথা। এর মধ্যে ৩৯০ মেগাওয়াট কুইক রেন্টাল এবং বাকি সব সাধারণ ভাড়াভিত্তিক কেন্দ্র।এরপর আগামী বছর (২০১১ সাল) এক হাজার ৭৭৭ মেগাওয়াট নতুন বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। এর মধ্যে ৮৫৭ মেগাওয়াট ক্ষমতার কুইক রেন্টাল কেন্দ্র আগামী বছরের প্রথম দিকে, গ্রীষ্মকাল শুরুর আগেই উৎপাদনে আসবে। এ ছাড়া তিন ও পাঁচ বছর মেয়াদি ভাড়াভিত্তিক কয়েকটি কেন্দ্রও পর্যায়ক্রমে চালু হবে। ফলে আগামী গ্রীষ্মে লোডশেডিং অনেক কমবে বলে সরকারের হিসাব।লোডশেডিংমুক্ত ২০১২: পরিকল্পনা অনুযায়ী ২০১২ সালে জাতীয় গ্রিডে নতুন বিদ্যুৎ যুক্ত হবে দুই হাজার ২৬৯ মেগাওয়াট। এর আগের দুই বছরের সঙ্গে এই বছরের নতুন উৎপাদন যুক্ত হলে ২০১২ সালে দেশ লোডশেডিংমুক্ত হবে বলে বিদ্যুৎ মন্ত্রণালয় মনে করছে। মন্ত্রণালয় সূত্র জানায়, বর্তমানে দেশে বিদ্যুৎ ঘাটতি প্রায় দুই হাজার মেগাওয়াট। আগামী দুই বছরে চাহিদা বাড়বে আরও প্রায় দেড় হাজার মেগাওয়াট। অপরদিকে বিদ্যমান পুরোনো কেন্দ্রগুলোতে উৎপাদন কমবে প্রায় ৫০০ মেগাওয়াট। ফলে ২০১২ সালে দেশকে লোডশেডিংমুক্ত করার জন্য এখনকার চেয়ে অন্তত চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ বেশি উৎপাদন করতে হবে। সরকারি পরিকল্পনায় ২০১২ সাল পর্যন্ত নতুন উৎপাদনের লক্ষ্য নির্ধারিত আছে পাঁচ হাজার ২২৮ মেগাওয়াট। কাজেই নতুন বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সম্পূর্ণ বাস্তবায়িত না হলেও ২০১২ সালকে লোডশেডিংমুক্ত করতে সমস্যা হবে না বলে মন্ত্রণালয় সূত্রের দাবি।অসহনীয় বর্তমান: আগামী যতই আলোকোজ্জ্বল হোক না কেন, বর্তমান বিদ্যুৎ পরিস্থিতি বড়ই দুর্বিষহ। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) হিসাবে বর্তমানে প্রায় পাঁচ হাজার মেগাওয়াট চাহিদার বিপরীতে এক হাজার ২০০ মেগাওয়াট ঘাটতি। কিন্তু প্রকৃত ঘাটতি আরও বেশি, যে কারণে এখনো গভীর রাতে লোডশেডিং বন্ধ হয়নি।ঢাকার মোহাম্মদপুরের শেখেরটেকসহ কয়েকটি এলাকা এবং কুড়িল, নিকুঞ্জ প্রভৃতি এলাকার বাসিন্দারা প্রতিদিনই ফোন করে অভিযোগ করেন, তাঁদের এলাকায় রাত ১২টার পরও অন্তত দুবারে দুই ঘণ্টা লোডশেডিং চলেছে। সন্ধ্যায় আজান শুরু হলো, অমনি লোডশেডিং দেওয়া হলো—এমন ঘটনাও ঘটে চলেছে।ডিপিডিসি ও ডেসকো সূত্র জানায়, চাহিদার তুলনায় তারা বিদ্যুৎ অনেক কম পায় বলেই এভাবে লোডশেডিং করতে হচ্ছে। কিন্তু গ্রাহকদের সন্দেহ, এর পেছনে কোনো অন্তর্ঘাতমূলক তৎপরতা আছে।