২০০১ সাল থেকে এ পর্যন্ত (১০ বছরে) সরকারিভাবে ২৮২ জন সাংসদের নামে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে সর্বাধিক ১৫৭ জন সাংসদের নামে প্লট বরাদ্দ দেওয়া হয়েছে বর্তমান সরকারের আমলে।গতকাল রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খানের পক্ষে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এ তথ্য জানান। টেবিলে উত্থাপিত আওয়ামী লীগের গোলাম দস্তগীর গাজীর এ-সম্পর্কিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এ পর্যন্ত রাজধানীর বিভিন্ন প্রকল্পে ২৮০ জন সাংসদের নামে প্লট বরাদ্দ দিয়েছে। এর মধ্যে ২০০৩ সালে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ২৩ জনকে ১০ কাঠা করে, একজনকে সাড়ে সাত কাঠা এবং আরেকজনকে পাঁচ কাঠা আয়তনের প্লট বরাদ্দ দেওয়া হয়। ২০০৫ সালে বনানীতে ৪২ জন সাংসদের নামে পাঁচ কাঠা করে প্লট বরাদ্দ দেওয়া হয়। তবে উত্তরা থেকে বনানীতে বদলিজনিত কারণে ২০০৯ সালে শামসুজ্জোহা খান ও জহিরউদ্দিন স্বপনের বরাদ্দ বাতিল করা হয়।মন্ত্রী আরও জানান, ২০০৬ সালে ৫৫ জনকে পাঁচ কাঠা করে প্লট বরাদ্দ দেওয়া হয় সম্প্রসারিত উত্তরা তৃতীয় প্রকল্পে। এই প্রকল্পে এক সাংসদকে তিন কাঠার একটি প্লট বরাদ্দ দেওয়া হয়। ২০০৯ সালে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠার করে প্লট বরাদ্দ দেওয়া হয় ৫০ জন সাংসদের নামে। এই প্রকল্পে দুজনকে সাড়ে সাত কাঠার করে এবং একজনকে পাঁচ কাঠার প্লট বরাদ্দ দেওয়া হয়। ২০০৯ ও ২০১০ সালে উত্তরা তৃতীয় পর্ব প্রকল্পে পাঁচ কাঠার করে প্লট দেওয়া হয় ৮৫ জন সাংসদকে। সবশেষে ২০১১ সালে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১৯ জন সাংসদের নামে সাড়ে সাত কাঠার করে প্লট বরাদ্দ দেওয়া হয়। এর বাইরে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ২০০৬ সালে অষ্টম সংসদের সাংসদ নূরী আরা ছাফাকে চার দশমিক ৫২ কাঠা এবং নুরুল ইসলাম মনিকে চার দশমিক ৭১ কাঠার প্লট বরাদ্দ দেয়।গোলাম দস্তগীর সম্পূরক প্রশ্ন করতে গিয়ে জানান, পূর্বাচলে রাজউক যাঁদের জমি অধিগ্রহণ করেছিল, চুক্তি অনুযায়ী তাঁদের প্লট দেওয়ার কথা রয়েছে। কিন্তু জমির এসব প্রকৃত মালিকের অনেকেই এখনো প্লট বুঝে পাননি। এর জবাবে মন্ত্রী জানান, প্রক্রিয়াগত জটিলতার কারণে অনেককে প্লট বুঝিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না।