গত ১০ বছরে ৪১ হাজার ৭৯১টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এ তথ্য যোগাযোগ মন্ত্রণালয় বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টকে (ব্ল্যাস্ট) জানিয়েছে। তথ্য অধিকার আইনের আওতায় যোগাযোগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ তথ্য জানতে চেয়ে আবেদন করেছিল ব্ল্যাস্ট।আবেদনের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২০০১ সালের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ১৫ আগস্ট পর্যন্ত ৩৬ হাজার ৪৩৯টি সড়ক দুর্ঘটনা ঘটেছে।ব্ল্যাস্ট সূত্র জানায়, দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের স্বজন ও আহত ব্যক্তিদের কতজন ক্ষতিপূরণ পেয়েছে, দুর্ঘটনার ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হয়েছে— এসব তথ্য পাওয়া যায়নি।সম্প্রতি সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ায় তথ্য অধিকার আইনের ৯(১) ধারায় অনুসারে সড়ক দুর্ঘটনাসম্পর্কিত তথ্য সংশ্লিষ্ট কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে তথ্য চেয়ে আবেদন করে ব্ল্যাস্ট। গতকাল বুধবার ব্ল্যাস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য তুলে ধরে। এ ব্যাপারে ব্ল্যাস্টের অবৈতনিক (অনারারি) পরিচালক সারা হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, তথ্য পাওয়ার পর দেখা যাচ্ছে সমস্যা কত বিস্তৃত। এসব তথ্য আগে জানা থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিরা পরিকল্পিতভাবে সমস্যা সমাধানে কাজ করতে পারতেন।যোগাযোগ মন্ত্রণালয় ব্ল্যাস্টকে জানায়, ২০০১ সালের ১ জানুয়ারি থেকে ২০১১ সালের ১৫ আগস্ট পর্যন্ত ৪১ হাজার ৭৯১টি (পুলিশের প্রতিবেদন অনুসারে) সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব ক্ষেত্রে মাত্র তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়। তিনটি কমিটিই প্রতিবেদন দাখিল করেছে। প্রতিবেদনের ভিত্তিতে কিছু উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। যোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত সড়ক নিরাপত্তা কমিটির সভা হয়েছে ১৯টি। সভায় দক্ষতা যাচাই করে ড্রাইভিং লাইসেন্স দেওয়া, ভুয়া ড্রাইভিং লাইসেন্স প্রতিরোধে ব্যবস্থা নেওয়া, ট্রমা কেয়ার সেন্টার স্থাপন, মহাসড়ক পুলিশ গঠন, ট্রাফিক রেডিও চ্যানেল চালু, সড়ক নিরাপত্তার বিষয় স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা এবং মহাসড়কে থ্রি হুইলার, নছিমন-করিমন, ভটভটি প্রভৃতি যান চলাচল বন্ধ করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হয়।স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ওই সময়কালে ৩৬ হাজার ৪৩৯টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় ২৭ হাজার ৫৯৫ জন নিহত হয়েছে, আহত হয়েছে ২৫ হাজার ৪৩৮ জন। এসব দুর্ঘটনায় ৩৬ হাজার ১৯৯টি মামলা হয়েছে এবং দুই হাজার ২৬৯ জনের শাস্তি হয়েছে। কারাগারে বন্দী আছে ২৫৭ জন। মামলাগুলোর মধ্যে ১৯ হাজার ১৮৬টি অভিযোগপত্র এবং ১৬ হাজার ২৬১টির চূড়ান্ত প্রতিবেদন (ফাইনাল রিপোর্ট) দেওয়া হয়েছে।