১০ বছরে ৭০ শতাংশ গ্রামীণ পরিবারের ভূমি হাতছাড়া
গত ১০ বছরে গ্রামের প্রায় ৭০ শতাংশ পরিবারের জমি হাতছাড়া হয়েছে। এই জমি কেউ দখল করেছে বা সরকার অধিগ্রহণ করেছে। গ্রামীণ ভূমিবাজারের ওপর এক সমীক্ষায় এ তথ্য পাওয়া গেছে।
‘বাংলাদেশের গ্রামীণ ভূমিবাজারের বর্তমান অবস্থা’ শীর্ষক এই সমীক্ষার ফলাফল গতকাল বুধবার ডেইলি স্টার ভবনে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে উপস্থাপন করা হয়। মানুষের জন্য ফাউন্ডেশন, উত্তরণ ও কেয়ার বাংলাদেশ এই বৈঠকের আয়োজন করে। মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম অনুষ্ঠান সঞ্চালনা করেন।
সমীক্ষার ফলাফল উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবুল বারাকাত। রাজশাহীর মোহনপুর, জামালপুর সদর ও বরগুনার আমতলীতে এই সমীক্ষা করা হয়েছে। তাতে দেখা গেছে, গত ১০ বছরে ৭০ শতাংশ গ্রামীণ পরিবার গড়ে প্রায় দুই বিঘা করে জমি হারিয়েছে। আবুল বারাকাত বলেন, গ্রামে ভূমি ব্যবসার সঙ্গে নিবন্ধন অফিস, সহকারী কমিশনারের অফিস, তহশিল অফিসের দুর্নীতিবাজেরা জড়িত। এসব অফিস একই মন্ত্রণালয়ের অধীনে না হওয়ায় গ্রামীণ মানুষের সমস্যা বেশি হয়।
একই বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের অধ্যাপক এম এম আকাশ বলেন, ভূমির সমস্যা সমাধান করতে ভূমি ব্যবহার আইন কার্যকর করার পাশাপাশি ভূমি ব্যবসায় মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য দূর করতে হবে। তিনি গ্রামীণ দরিদ্রদের সমবায়ের আওতায় আনার সুপারিশ করেন।
আলোচনায় অংশ নিয়ে অ্যাসোসিয়েশন অব ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্টের (এএলআরডি) নির্বাহী পরিচালক শামসুল হুদা বলেন, গ্রামীণ ভূমিবাজার দরিদ্রবান্ধব নয়। এমনকি এই বাজার নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর বৈরী।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উত্তরণের পরিচালক শহিদুল ইসলাম, কেয়ার বাংলাদেশের কর্মকর্তা মুরাদ বিন আজিজ, চর উন্নয়ন ও বসতি প্রকল্পের উপদেষ্টা মো. রেজাউল করিম প্রমুখ বক্তব্য দেন।