১০ বছরেই ইউপি ভবনে ফাটল

নির্মাণের ১০ বছরের মধ্যেই দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৪ নং শালখুরিয়া ইউনিয়ন পরিষদের ভবন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। দেয়ালে ফাটল সৃষ্টি ও মেঝে দেবে যাওয়ায় জীবনের ঝুঁকি নিয়েই চেয়ারম্যান এবং কর্মকর্তা-কর্মচারীরা কাজ করছেন। স্থানীয় লোকজন জানান, পুকুর ভরাট করে নির্মাণ করায় ভবনটির এই অবস্থা হয়েছে।
গত বুধবার সরেজমিনে দেখা গেছে, ইউপি ভবনের নিচতলার মেঝে দেবে গেছে। প্রতিটি কক্ষের ভেতর ও বাইরে ফাটল দেখা দিয়েছে। মেঝের পলেস্তারা উঠে গেছে। শৌচাগারগুলোর দেয়ালেও বড় বড় ফাটল সৃষ্টি হয়েছে।
উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৪ সালের ৩ জুন ২৯ লাখ ২৫ হাজার ৮১৫ টাকা ব্যয়ে ওই ভবনের নির্মাণকাজ শুরু হয়। নির্মাণকাজ শেষ হয় ওই বছরের ৩১ জুলাই। এরপর ঠিকাদার ভবনটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। তৎকালীন ইউপি চেয়ারম্যান মো. আজাদ রহমান জানান, ভবনটি একটি ছোট পুকুর ভরাট করে নির্মাণ করা হয়েছে। মাটি ভরাট করার পরপরই নির্মাণ করায় ভবনটির এই অবস্থা হয়েছে।
শালখুরিয়া ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য মামনুর রশিদ জানান, তিন বছর আগেই মেঝে দেবে গিয়ে প্রতিটি কক্ষে ফাটল সৃষ্টি জয়। মেঝের পলেস্তারাগুলো উঠতে থাকে। ওই ইউপির তথ্যসেবাকেন্দ্রের উদ্যোক্তা সুলতান মাহমুদ জানান, এখানে ইন্টারনেট ব্যবহার, ছবি তোলা, জমির পরচা সংগ্রহসহ বিভিন্ন কাজে ইউনিয়নের অধিকাংশ মানুষ তথ্যসেবাকেন্দ্রে আসায় আগের চেয়ে ইউনিয়ন পরিষদে প্রতিদিন অনেক মানুষের সমাগম হয়। ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায় সব সময় তাঁদের চরম আতঙ্কে থাকতে হয়।
শালখুরিয়া ইউপির চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, মাত্র নয় বছরে ভবনটি ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে। অত্যন্ত ঝুঁকি নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা ভবনটিতে কাজ করছেন। বিষয়টি উপজেলা প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কেউ কোনো ব্যবস্থা নেয়নি।
উপজেলা প্রকৌশলী আবদুল কুদ্দুস জানান, এসব ভবন ৫০ থেকে ৬০ বছরের আগে কিছু হওয়ার কথা নয়। এটি যে প্রকল্পের অধীনে নির্মাণ করা হয়েছে, সে প্রকল্পে সংস্কারকাজের জন্য কোনো বরাদ্দ নেই। এ কারণে সেটি সংস্কার করা সম্ভব হচ্ছে না।