ভূমি জালিয়াত চক্রের হাতে নিহত নওগাঁর মহাদেবপুুর উপজেলার ভীমপুর গ্রামের আদিবাসী নেতা আলফ্রেড সরেনের দশম মৃত্যুবার্ষিকী আজ ১৮ আগস্ট। কিন্তু সরেন হত্যাকাণ্ডের ১০ বছরেও এর বিচারকাজ শেষ হয়নি। ২০০০ সালের ১৮ আগস্ট ভূমি জলিয়াত চক্রের সশস্ত্র ভাড়াটে বাহিনী ভীমপুর আদিবাসী গ্রামে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। তারা সরেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডের ঘটনায় ওই চক্রের সিতেশ চন্দ্র ও হাতেম আলীসহ ৯১ জনের বিরুদ্ধে মহাদেবপুর থানায় মামলা করা হয়। এরপর নওগাঁ জেলা ও দায়রা জজ আদালতে এ মামলায় ১৩ জনের সাক্ষ্যও গ্রহণ করা হয়। কিন্তু উচ্চ আদালতে আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার কার্যক্রম স্থগিত রয়েছে।আলফ্রেড সরেনের ছোট ভাই মহেশ্বর সরেন বলেন, ওই চক্রের লোকজন ভীমপুর আদিবাসী পল্লি ছেড়ে চলে যাওয়ার জন্য এখনো আদিবাসীদের হুমকি দিচ্ছে। জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুন্ডা জানান, ভীমপুরে আজ সরেনের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে মৃত্যুবার্ষিকীর কর্মসূচি শুরু হবে।